মুম্বই: পুরভোটের আগে মহারাষ্ট্রের ক্ষমতাসীন মহাযুতি জোটে ফাটল আরও প্রকট হচ্ছে। বিজেপি, একনাথ সিন্ধের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি- তিন শরিকের মধ্যে দ্বন্দ্ব চরমে। এই আবহে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মহারাষ্ট্রর উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। জানা গিয়েছে, প্রায় ৫০ মিনিট ধরে বৈঠক চলে। সিন্ধে জানান, আসন্ন পুরভোটে জোটের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে কয়েকজন বিজেপি নেতা সেটা নষ্ট করছেন। এর জেরে সুবিধা পাচ্ছে বিরোধী শিবির। সম্প্রতি থানের কল্যাণ-ডোম্বিভালি সহ একাধিক জায়গায় স্থানীয় শিবসেনা (সিন্ধে) নেতাদের দলে নিয়েছে বিজেপি। বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি সিন্ধে শিবির। তাদের দাবি, এই আচরণ জোটধর্মের পরিপন্থী। জোটের মধ্যে অসন্তোষের জেরে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠক বয়কট করেন সিন্ধেপন্থী শিবসেনার বেশ কয়েকজন মন্ত্রী। এরইমধ্যে পুরভোট নবাব মালিক নেতৃত্বাধীন এনসিপির সঙ্গে জোট না করার বার্তা দিলেন বিজেপি নেতা আশিস শেলার।



