Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নেতাজিকে ‘অপমান’, ড্যামেজ কন্ট্রোলে সচেষ্ট রাজ্য

নেতাজি ইস্যু নিয়ে বিতর্কের মাঝে ড্যামেজ কন্ট্রোলে রাজ্য! বাঙালি মননের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে।

নেতাজিকে ‘অপমান’, ড্যামেজ কন্ট্রোলে সচেষ্ট রাজ্য
  • ১৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি ইস্যু নিয়ে বিতর্কের মাঝে ড্যামেজ কন্ট্রোলে রাজ্য! বাঙালি মননের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে। কটূক্তি করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনন্ত মহারাজের সুরেই গেরুয়া ভক্তদের একটা বড় অংশ সমাজমাধ্যমে নেতাজির প্রতি কুৎসা শুরু করে দেয়। সবমিলিয়ে নাগরিক মহলে অসন্তোষ তৈরি হয়েছে। কিন্তু, এতদিন ধরে তা নিয়ে সরকারি তরফে কোনো বিবৃতি মেলেনি। নেতাজি ইস্যুকে সামনে রেখে মঙ্গলবার পথে নামেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তারপরেই বুধবার নড়েচড়ে বসল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটি করে বিধায়ক সেবাকেন্দ্র করা হবে। তিনি জানিয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক, মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, প্রতিটি স্কুল-কলেজে নেতাজির ছবি লাগানো হবে। কোন ছবি লাগানো হবে, তার অনুমোদন তথ্য ও সংস্কৃতি দপ্তর নেতাজির পরিবারের থেকে নিয়েছে। 
এদিন মন্ত্রী নিশীথ প্রমাণিক, দীপক বর্মণ, আনন্দময় বর্মণ সহ উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা, এডিজি ল অ্যান্ড অর্ডার অজয় রানাডে সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা। পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কিছু মানুষ, বিশ্ববন্দিত নেতাজিকে সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে নানা অপপ্রচার করছে। উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা প্রতিবাদ জানিয়েছেন। মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস যাঁরা দেখিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নেওয়া হোক। শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে নেতাজিকে অপমান করতে দেব না। গ্রেপ্তারও করতে বলা হয়েছে। তাহলে কি নেতাজিকে নিয়ে বিরূপ মন্তব্যের জন্য অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ হবে? মুখ্যমন্ত্রীর কথায়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। পুলিশকে দলমত নির্বিশেষে স্বাধীন ভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শুভেন্দু জানান, ফেসবুক কর্তৃপক্ষকেও লেখা হচ্ছে। যাঁরা ফেসবুকে পোস্ট করেছেন, গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। যাঁরা নেতাজিকে নিয়ে অপপ্রচারের দুঃসাহস দেখিয়েছেন, তাঁদের অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট ডিলিট করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 
অন্যদিকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে প্রস্তাবিত বিধায়ক সেবাকেন্দ্রে মাসে ৩০ হাজার টাকা দেওয়া হবে বলে  ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই টাকা পেতে দুটি শর্ত পূরণ করতে হবে। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবাকেন্দ্র’ কথাটি লিখতেই হবে। আর ওই অফিসে অবশ্যই রাখতেই হবে নেতাজির ধুতি-পাঞ্জাবি পরিহিত ছবি। এই দুটি শর্ত মানলে তবেই মিলবে টাকা। 
স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যের তরফে ড্যামেজ কন্ট্রোলের প্রচেষ্টায় বুধবার দিনভর ‘নেতাজি মুখর’ হয়ে থাকল রাজনীতি। ব্যাপারটা শাসক দলের অস্বস্তি ঢাকার উদ্যোগ হলেও, রাজনৈতিক মহলের মতে, বিধায়কদের নয়া প্রাপ্তিযোগ। বিধায়করা এখন মাসে ১ লক্ষ ২২ হাজার টাকা পান। এবার থেকে তারসঙ্গে যুক্ত হবে আরও ৩০ হাজার টাকা!

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ