অণ্ডালে আইসিডিএসে শিশুদের পোকাধরা চাল-ডাল! শোরগোল
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: আইসিডিএস কেন্দ্রের চাল, ডালে পোকা! অন্ডাল ব্লকের খাঁদরা পঞ্চায়েতের সিঁদুলিতে ২৪০ নম্বর আইসিডিএস কেন্দ্রে এই অভিযোগের জেরে চাঞ্চল্য ছড়ায়। শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে সরকারি উদ্যোগে আইসিডিএস কেন্দ্রে খাবার সরবরাহ করা হয়। অথচ সেই খাবারের চাল-ডালের মান নিয়েই রয়েছে গুচ্ছ অভিযোগ। নিম্নমানের খাদ্যসামগ্রী, চাল কম দেওয়া এবং পরিষেবা পরিচালনায় গাফিলতির অভিযোগে প্রশ্নের মুখে ওই কেন্দ্রের ভূমিকা।

Advertisement

আইসিডিএস কেন্দ্রের সহকারী জ্যোৎস্না বাউরির অভিযোগ, কেন্দ্রের  দিদিমণি দুর্গাপুর থাকেন। তিনি প্রায়ই কেন্দ্রে আসেন না, ফলে তাঁদেরই সব দায়িত্ব সামলাতে হয়। তাঁর আরও দাবি, দীর্ঘদিন ধরে বরাদ্দ চাল ও ডাল অত্যন্ত অনিয়মিতভাবে এবং পরিমাণে কম সরবরাহ করা হচ্ছে। চাল-ডালের গুণগত মান নিয়েও বারবার দিদিমনিকে জানানো হলেও লাভ হয়নি। বরং, নিম্নমানের খাদ্যসামগ্রী পরিষ্কার করে ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। এদিন চাল ও ডালে পোকা নজরে আসায় শিশুদের রান্না করা খাবার দেওয়া হয়নি বলেও জানান তিনি।
খবর চাউর হতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আসানসোল জেলা বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি ইন্দ্র সেন। তিনি নিজে চালের বস্তা ও ডাল পরীক্ষা করে ক্ষোভপ্রকাশ করে বলেন, আইসিডিএস কেন্দ্রে যে চাল ও রেশনের জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে, তার অবস্থা খুব খারাপ। চাল খুবই নিম্নমানের এবং পোকাযুক্ত। নতুন সরকার আসার পরেও কেন এই ধরনের নিম্নমানের খাবার শিশু ও গর্ভবতী মায়েদের দেওয়া হচ্ছে এ বিষয়ে তিনি প্রশ্ন করলে ওই কেন্দ্রের সহকারী কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ। 
এছাড়াও ওই আইসিডিএস কেন্দ্রে বিদ্যুৎ, আলো বা পাখা এবং পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। ইন্দ্রবাবু জানান, ঘটনার ভিডিও সহ বিষয়টি আইসিডিএস-এর ঊর্ধ্বতন আধিকারিক ও বিডিওকে বিষয়টি জানাবেন।-নিজস্ব চিত্র