Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মহিলাদের চরিত্রে কালি সামাজিক হিংসার কদর্য রূপ: কেরল হাইকোর্ট

প্রমাণ ছাড়াই কোনো মহিলার চরিত্র কালিমালিপ্ত করা ‘সামাজিক হিংসার ভয়ংকর রূপ’। মালয়ালি অভিনেত্রী শ্বেতা মেননের বিরুদ্ধে দায়ের এক মামলা খারিজ করতে গিয়ে এমনই মন্তব্য কেরল হাইকোর্টের

মহিলাদের চরিত্রে কালি সামাজিক হিংসার কদর্য রূপ: কেরল হাইকোর্ট
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কোচি: প্রমাণ ছাড়াই কোনো মহিলার চরিত্র কালিমালিপ্ত করা ‘সামাজিক হিংসার ভয়ংকর রূপ’। মালয়ালি অভিনেত্রী শ্বেতা মেননের বিরুদ্ধে দায়ের এক মামলা খারিজ করতে গিয়ে এমনই মন্তব্য কেরল হাইকোর্টের। নিজের পুরানো সিনেমা ও বিজ্ঞাপনের অশ্লীল দৃশ্য প্রচারের জন্য অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন মার্টিন মেকানারি নামে এক ব্যক্তি। ওই এফআইআর নাকচ করে দিয়েছেন বিচারপতি সিএস ডায়াস।

Advertisement

অভিনেত্রী দাবি করেছিলেন, মালয়ালম মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ভোটে তাঁকে লড়তে না দেওয়ার জন্যই ওই মামলা করা হয়েছিল। তাও আবার ভোটে নাম প্রত্যাহারের আগের দিন। বিচারপতি তাঁর রায়ে বলেছেন, অভিনেত্রীর ওই বক্তব্যের সারবত্তা রয়েছে। আদালত আরও বলেছে, মেননের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। এর থেকেই স্পষ্ট, অভিনেত্রীর সুনাম ও মর্যাদাহানিই এই মামলার উদ্দেশ্য ছিল।
আদালতের পর্যবেক্ষণ, উন্নত সমাজ মানুষের কাজ ও অবদানের মূল্যায়ন করে। অন্যদিকে পিছিয়ে পড়া সমাজব্যবস্থা অপবাদ, চরিত্র হনন ও নীতি-পুলিশিতেই আটকে থাকে। বিচারপতি সিএস ডায়াস বলেছেন, ‘কোনো মহিলার কৃতিত্বের চেয়ে তাঁর চরিত্র নিয়ে সমালোচনা আদতে সমাজের দৈন্যতা প্রকাশ করে।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ