Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘মহারাষ্ট্র ছেড়ে শিল্প যাচ্ছে বেঙ্গালুরু, হায়দরাবাদে’, আক্ষেপ অজিতের

খালি হচ্ছে পুনের আইটি পার্ক। হারিয়ে যাচ্ছে শিল্প। সম্প্রতি এই নিয়েই আক্ষেপ করতে শোনা গেল মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে। শনিবার সকালে পুনের রাজীব গান্ধী আইটি পার্ক পরিদর্শনে যান তিনি।

‘মহারাষ্ট্র ছেড়ে শিল্প যাচ্ছে বেঙ্গালুরু, হায়দরাবাদে’, আক্ষেপ অজিতের
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুনে: খালি হচ্ছে পুনের আইটি পার্ক। হারিয়ে যাচ্ছে শিল্প। সম্প্রতি এই নিয়েই আক্ষেপ করতে শোনা গেল মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে। শনিবার সকালে পুনের রাজীব গান্ধী আইটি পার্ক পরিদর্শনে যান তিনি। সেখানেই এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। পুনের হিঞ্জওয়াড়ি আইটি পার্ক খালি হচ্ছে। শিল্প চলে যাচ্ছে মহারাষ্ট্রের বাইরে, বেঙ্গালুরু কিংবা হায়দরাবাদে।’ উল্লেখ্য, পুনের এই আইটি পার্কে অন্তত ৮০০ সংস্থার দপ্তর। কিন্তু এলাকার অবস্থা শোচনীয়। জল জমা থেকে বেহাল রাস্তা, সমস্যার তালিকা বেশ দীর্ঘ। অনুমান, সেই কারণেই এখানে অফিস রাখতে চাইছে না কোনও সংস্থা। বিষয়টা নিয়ে আগেও আলোচনা হয়েছে। এবার সরাসরি এ ব্যাপারে মন্তব্য করলেন এনসিপি(অজিত) প্রধান। এদিন ওই এলাকার সমস্যা নিয়ে তাঁর কাছে অভিযোগের পসরা সাজিয়ে বসেন স্থানীয় এক নেতা। অভিযোগ শুনেই ক্ষুব্ধ হন অজিত। আক্ষেপের সুরে রাজ্য থেকে শিল্প হারিয়ে যাওয়ার বিষয়ে মন্তব্য করেন। সাফ জানান, কড়া পদক্ষেপ ছাড়া আর কোনও পথ খোলা নেই। আর এখানেই তাঁর মন্তব্যে বিতর্কের আঁচ মিলেছে। আসলে, মহারাষ্ট্রের এই আইটি পার্ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের। সুতরাং পাওয়ারের মন্তব্যে সরকারি গাফিলতির বিষয়টাই উঠে আসছে। ফলে তাঁর মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্যের বিজেপি জোট সরকারকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ