Bartaman Logo
৯ জুন, ২০২৬

টানা অষ্টমবার দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা পেল ইন্দোর

ফের দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা পেল মধ্যপ্রদেশের ইন্দোর। এই নিয়ে টানা আটবার পরিচ্ছন্নতম শহরের তকমা পেয়েছে ইন্দোর।

টানা অষ্টমবার দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা পেল ইন্দোর
  • ১৭ জুলাই, ২০২৫ ১৮:০৭
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ জুলাই: ফের দেশের পরিচ্ছন্নতম শহরের তকমা পেল মধ্যপ্রদেশের ইন্দোর। এই নিয়ে টানা আটবার পরিচ্ছন্নতম শহরের তকমা পেয়েছে ইন্দোর। কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ সুরবেক্ষণ সার্ভের বার্ষিক রিপোর্টে এই খেতাব ফের পেয়েছে ইন্দোর। আজ, বৃহস্পতিবার সেই কারণেই ইন্দোর পুরসভার হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন দিল্লির বিজ্ঞান ভবনে ছিল সেই সংক্রান্ত বিষয়ে বিশেষ অনুষ্ঠান। দেশের পরিচ্ছন্নতম শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাতের সুরাত ও তৃতীয় মহারাষ্ট্রের নবি মুম্বই।

Advertisement

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ এই সার্ভে প্রতিবছর পেশ করা হয়। দীর্ঘ আটবছর ধরেই সেই সার্ভের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোর। মূলত একটি শহরের বর্জ্য পদার্থ নিষ্কাশন, পরিচ্ছন্ন রাখার পরিকাঠামো ও শহরকে পরিষ্কার রাখতে জনগণের উৎসাহের উপর নির্ভর করে একটি রিপোর্ট তৈরি করা হয়। সেই সব তালিকায় দীর্ঘ আটবছর ধরেই লেটার মার্কস পাচ্ছে ইন্দোর। শহরকে পরিচ্ছন্ন রাখতে সর্বদা তৎপর পুরসভাও।

শহরবাসীর মধ্যে পরিষ্কার ও পরিচ্ছন্নতা রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বোঝাতে সক্ষম হয়েছে ইন্দোর পুরসভার আধিকারিকরা। সঙ্গে যত্রতত্র নোংরা, আবর্জনা, থুতু কিংবা পানের পিক ফেলার উপরও রয়েছে কড়া নিষেধাজ্ঞা। কীভাবে শহরের বর্জ্য পদার্থ কম উৎপাদন হয় তার দিকেও নজর দিচ্ছে ইন্দোর পুরসভা। অপরদিকে ৩-১০ লক্ষ জনসংখ্যা রয়েছে এমন পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে নয়ডা। এই তালিকায় চণ্ডীগড় হয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মহিশূর। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ