Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়ান গেমসে চতুর্থ স্থানেও প্রত্যাশাপূরণ হয়নি ভারতের

দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হাড্ডাহাড্ডি লড়াই শেষ। ৫০টিরও বেশি বিশ্বরেকর্ড রচিত হওয়া ২০তম এশিয়ান গেমসে দাঁড়ি পড়ল রবিবার

এশিয়ান গেমসে চতুর্থ স্থানেও প্রত্যাশাপূরণ হয়নি ভারতের
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হাড্ডাহাড্ডি লড়াই শেষ। ৫০টিরও বেশি বিশ্বরেকর্ড রচিত হওয়া ২০তম এশিয়ান গেমসে দাঁড়ি পড়ল রবিবার। দেড় ঘণ্টার চোখধাঁধানো সমাপ্তি অনুষ্ঠানে নিজস্ব সংস্কৃতি তুলে ধরল জাপান। মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামেই পতাকা তুলে দেওয়া হল পরের আসরের আয়োজক কমিটির হাতে। উল্লেখ্য, ২০৩০ সালে এশিয়াডের আসর বসবে দোহায়। 

Advertisement

এদিনের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেন শ্যুটিংয়ে জোড়া সোনা ও একটি রুপোজয়ী নীরু ধান্ডা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রায় ৩০জন ক্রীড়াবিদ ও অফিসিয়াল। জাতীয় পতাকা হাতে সাদা-নীল পোশাকে নজর কাড়েন তাঁরা। এবারের আসরে চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। ২১টি সোনা, ২৭টি রুপো ও ৩৭টি ব্রোঞ্জ এসেছে ঘরে। মোট পদকের সংখ্যা ৮৫। তবে গতবারের চেয়ে প্রাপ্ত পদকের সংখ্যা ২১টি কম। উল্লেখ্য, ২০২২ হাংঝউ গেমসে ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪০টি ব্রোঞ্জ জিতেছিল ভারত। ফলে জাপানে ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে যে আশা ছিল, তা পূর্ণ হয়নি। সাম্প্রতিক কালে ক্রীড়াক্ষেত্রে অগ্রগতির যে লক্ষ্য স্থির হয়েছিল, তা খানিকটা হলেও ধাক্কা খেয়েছে নাগোয়া এশিয়াডে। চতুর্থ স্থানে থাকা যতই সম্মানের হোক না কেন, শীর্ষে থাকা চীনের সঙ্গে দূরত্বটা বিশাল। এই আসরে ১৬৯টি সোনা সহ মোট ৩৪১টি পদক পেয়েছে চীন। জাপান ৮৩টি সোনা সহ জিতেছে ২৬৯টি পদক। আর ৩৯টি সোনা মিলিয়ে মোট ১৫০টি পদকের সুবাদে দক্ষিণ কোরিয়া হয়েছে তৃতীয়। ভারত একশোর গণ্ডিই টপকাতে পারেনি।
শ্যুটিংয়ে ওলিম্পিকসে জোড়া পদকজয়ী মানু ভাকের সহ অনেকেই পদক জিততে ব্যর্থ। অ্যাথলেটিকসেও হতাশা কম নেই। আবার গত ৪০ বছরে এই প্রথমবার টেনিসে পদকহীন থেকেছে ভারত। তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়ার চোটের জন্য না থাকাটাও ব্যথিত করেছে ভক্তদের। তবে এসবের মধ্যেই তিরন্দাজিতে ১৭ বছরের কুমকুম মোহদের সাফল্য হয়ে উঠছে অনুপ্রেরণা। ২টি সোনার পাশাপাশি একটি রুপো জিতে আশার সলতে উসকে দিয়েছে মহারাষ্ট্রের বিস্ময় প্রতিভা।

Advertisement
সম্পর্কিত সংবাদ