Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

ব্রাজিলের বিরুদ্ধে লড়াই ভারতীয় ফুটবলকে আরও সাহস জোগালো

‘ভারতের ম্যাচ দেখলেন?’ মর্নিং ওয়াকের সময় প্রশ্নটা ছুড়ে দিল পরিচিত এক তরুণ। গায়ে ব্লু টাইগার্সের নীল জার্সি

ব্রাজিলের বিরুদ্ধে লড়াই ভারতীয় ফুটবলকে আরও সাহস জোগালো
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দেবজিৎ ঘোষ: ‘ভারতের ম্যাচ দেখলেন?’ মর্নিং ওয়াকের সময় প্রশ্নটা ছুড়ে দিল পরিচিত এক তরুণ। গায়ে ব্লু টাইগার্সের নীল জার্সি। কথাবার্তার ফাঁকেই আমাদের ঘিরে জটলা তৈরি হয়ে গেল। দেখলাম, ব্রাজিলের বিরুদ্ধে আনোয়ারদের লড়াই দেখে সবাই উৎসাহিত। ক্লাব ফুটবলের বাইরে গিয়ে দীর্ঘদিন পর জাতীয় দল নিয়ে বেশ আলোচনা। এমনকি, সোশ্যাল সাইটেও খালিদ ব্রিগেডকে নিয়ে জোর চর্চা। আসলে হতাশা, আপশোসের একঘেয়ে দৃশ্য দেখতে দেখতে সবাই ক্লান্ত। সেখানে ব্রাজিলের বিরুদ্ধে আনোয়ারদের মরিয়া লড়াই এক সিলিন্ডার অক্সিজেন। ভারতীয় ফুটবলকে সাহস জোগানোর মতো পারফরম্যান্স। এবার সামনে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। ফ্রান্সিসকোলি, সুয়ারেজ, কাভানি, ফোরলানের দেশের বিরুদ্ধে আরও এক কঠিন চ্যালেঞ্জ। তবে আমার ধারণা, অনেকটা বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ব্লু টাইগার্স। 

Advertisement

হেভিওয়েট ভিনিসিয়াসদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব? অনেকেই ধরে নিয়েছিলেন গোলের মালা পরবে ভারত। পাঁচবারের বিশ্বসেরাদের বিরুদ্ধে হাঁটু কাঁপা অস্বাভাবিক কিছু নয়। তবে কোচ খালিদ জামিলকে কৃতিত্ব দিতেই হবে। পানামার বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলে ১-১ ড্র করেছিল ভারত। সেলেকাওদের বিরুদ্ধেও ঠিক যেন সেখান থেকেই শুরু। স্রেফ গুটিয়ে না থেকে প্রতি-আক্রমণে সেলেকাওদের চাপে ফেলার কৌশল নিয়েছিলেন তিনি। অহেতুক বল ওড়ানোর বদলে পরিকল্পনার ছাপ স্পষ্ট। মেগা ম্যাচে আনোয়ার, অভিষেক, অনিরুদ্ধ থাপা, মনবীরদের লড়াইকে কুর্নিশ। কুঁকড়ে থাকার বদলে এই চনমনে বডি ল্যাঙ্গুয়েজই বড়ো প্রাপ্তি। তবে রীতিমতো হতাশ করল গুরপ্রীত। দু’টি গোলের ক্ষেত্রেই দায় এড়াতে পারে না পাঞ্জাবি গোলরক্ষক। মেগা ম্যাচে সিনিয়র গোলকিপারের কাছে এমন ভুল অপ্রত্যাশিত। দুরন্ত ছন্দে থাকা বিশাল কাইথ জাতীয় দলের বাইরে! অথচ অদ্ভুতভাবে একটার পর এক ম্যাচে খেলিয়ে যাওয়া হচ্ছে গুরপ্রীতকে। এই সিদ্ধান্ত সত্যিই বিস্ময়কর। পাশাপাশি খালিদের উচিত অনূর্ধ্ব-২৩ দলের কয়েকজনকে সিনিয়র স্কোয়াডে সুযোগ দেওয়া। যারা পরবর্তীতে দলকে ভরসা দেবে। একই সঙ্গে বলব, ফেডারেশনের উচিত আরও বেশি ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করা। এশিয়া বা ইউরোপের এগিয়ে থাকা দলগুলোর বিরুদ্ধে ম্যাচ খেললে উপকৃত হবে ভারতীয় ফুটবল।
এবার ব্রাজিলের প্রসঙ্গে আসা যাক। অস্ট্রেলিয়ায় ম্যাচ খেলে ভারতে পা রেখেছিল আনসেলোত্তি ব্রিগেড। নতুনভাবে দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন ডন কার্লো। প্রস্তুতি ম্যাচে নতুনদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত। কিন্তু দলটা বড্ড বেশি ভিনিসিয়াস নির্ভর। ব্যক্তিগত দক্ষতাও তেমন চোখে পড়েনি। সাম্বা ব্রিগেডের কাছে আরও ভালো ফুটবলের আশায় ছিল বঙ্গবাসী।

Advertisement
সম্পর্কিত সংবাদ