নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, শুক্রবার দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হচ্ছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায়। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাইড্রোজেন জ্বালানির ব্যবহারে এই ট্রেন চলাচল যদি সফল হয় এবং সাধারণ যাত্রীদের সাড়া মেলে, তাহলে আগামী দিনে দেশের অন্যত্রও ধাপে ধাপে তা চালু করবে রেল। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্ষেত্রে দেশের যে সমস্ত হেরিটেজ রেল রুট রয়েছে, সেখানে হাইড্রোজেন ট্রেন চালানো হতে পারে। সম্ভাব্য এই তালিকায় প্রথমেই রয়েছে কালকা-সিমলা রুট। বৃহস্পতিবার রেল জানিয়েছে, হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত ৮৯ কিলোমিটার পথ পাড়ি দেবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। গতি হবে প্রতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার। তবে এর সর্বোচ্চ গতি নির্ধারিত হয়েছে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।



