Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ইরান ছাড়তে চাইছেন ভারতীয় ছাত্রছাত্রীরা, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইরানে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে আমেরিকা ও ইজরায়েল। পালটা ইরানও জানিয়ে দিয়েছে, তারা কোনোমতেই পিছু হটবে না। এই পরিস্থিতিতে এবার দেশে ফিরতে উদগ্রীব ইরানে পাঠরত ভারতীয় পড়ুয়ারা।

ইরান ছাড়তে চাইছেন ভারতীয় ছাত্রছাত্রীরা, সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ১২ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

তেহরান ও নয়াদিল্লি: ইরানে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে আমেরিকা ও ইজরায়েল। পালটা ইরানও জানিয়ে দিয়েছে, তারা কোনোমতেই পিছু হটবে না। এই পরিস্থিতিতে এবার দেশে ফিরতে উদগ্রীব ইরানে পাঠরত ভারতীয় পড়ুয়ারা। তাঁরা নিজেরাই উদ্যোগী হয়ে দেশে ফেরার ব্যবস্থা শুরু করেছেন। এই আবহেই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করলেন, আন্তর্জাতিক সংকটের সময় ভারত কখনো তার নাগরিকদের ত্যাগ করবে না। পশ্চিম এশিয়ায় সংঘাতে আটকে পড়া ভারতীয়দের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। 

Advertisement

মোদি জানান, পশ্চিম এশিয়ার পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে নয়াদিল্লি। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। বুধবার কেরলের কোচিতে জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বসবাসকারী এবং কর্মরত ভারতীয়দের সুরক্ষার বিষয়ে নজর দেওয়ার জন্য ওই দেশগুলির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বর্তমান সংকটে ওই দেশগুলির সহযোগিতা অত্যন্ত মূল্যবান।
প্রধানমন্ত্রী সহায়তার কথা বললেও বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। ইরানের বিভিন্ন মেডিকেল কলেজে বহু ভারতীয় পড়াশোনা করেন। তাঁদের অনেকেই এখন ইরানের প্রতিবেশী দেশ হয়ে ভারতে ফেরার চেষ্টা চালাচ্ছেন। তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস, ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস এবং শহিদ বেহেশতি ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরার জন্য আর্মেনিয়া ও আজারবাইজান হয়ে দুটি ‘সেফ রুটে’র ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্র সংগঠনগুলি। ওই পড়ুয়াদের একাংশ বৃহস্পতিবার আর্মেনিয়া সীমান্তের দিকে রওনা দেবেন। আর্মেনিয়া ও আজারবাইজান থেকে ভারতগামী বিমানে উঠতে পারবেন পড়ুয়ারা। 
ইরানের স্থানীয় প্রশাসন সূত্রে বলা হয়েছে, ভারতীয়দের নিরাপত্তার বিষয়টির প্রতি খেয়াল রাখা হচ্ছে। কিছু পড়ুয়া আবার স্থল সীমান্ত দিয়ে ফেরার বদলে ইরান থেকে সরাসরি বিমানে ফেরার পরিকল্পনা করেছেন। আগামী ১৫ ও ১৬ তারিখ দুবাইয়ের একটি এয়ারলাইন্স বিমান পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে।
অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের অন্যতম কর্তা মহম্মদ মোমিন খান জানিয়েছেন, প্রতিদিন তাঁর কাছে সাহায্য চেয়ে ইরান থেকে ফোন করছেন পড়ুয়ারা। ভারতীয়দের সমস্যা মেটানোর জন্য ইরানের পার্লামেন্ট সদস্য আগা সৈয়দ রুহুল্লাহ মেহদিকে ধন্যবাদ জানিয়েছেন মোমিন।

Advertisement
সম্পর্কিত সংবাদ