রুদ্রপুর: ফের ভারতীয় নাগরিককে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য রাশিয়া গিয়েছিলেন উধম সিং নগরের বাসিন্দা রাকেশ কুমার (৩০)। তাঁর পরিবারের অভিযোগ, চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই রাকেশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছে পরিবার।
জানা যাচ্ছে, সেন্ট পিটাসবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য গত ৭ আগস্ট রাশিয়া পৌঁছন যুবক। কয়েকদিন পর থেকেই রাকেশ পরিবারকে জানান, যেমনটা ভেবেছিলেন তেমনটা হচ্ছে না। রাকেশের দাদা দীপু মৌর্য বলেছেন, ‘গত ৩০ আগস্ট ভাইয়ের সঙ্গে শেষবার সরাসরি কথা হয়। রাকেশ তখন জানায়, তাঁকে জোর করে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এরপরে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে সেনার পোশাকে রাকেশের একটি ছবি পরিবারের কাছে আসে। তারপর থেকে আতঙ্ক আরও বেড়েছে।’
পরিবার সূত্রে জানা যাচ্ছে, কয়েকদিন আগে একটি অপরিচিত ফোন নম্বর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন রাকেশ। খুব সংক্ষিপ্ত কথা হয়। আতঙ্কগ্রস্ত গলায় তিনি জানান, তাঁর পাসপোর্ট ও অন্যান্য নথি কেড়ে নেওয়া হয়েছে। মুছে ফেলা হয়েছে যাবতীয় অফিশিয়াল ইমেল। ডনবাসে সেনা প্রশিক্ষণের পর তাঁকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। রাকেশের পরিবার জানিয়েছে, তারপর থেকে আর ছেলের সঙ্গে কথা হয়নি।
ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ছেলেকে ফিরিয়ে আনার জন্য দরবার করেছে রাকেশের পরিবার। এই প্রথম নয়, সাম্প্রতিক কয়েক মাসে অন্তত ২০ জন ভারতীয় নাগরিককে এভাবে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠেছে পুতিনের দেশের বিরুদ্ধে। প্রতীকী ছবি