রোম: ইতালি ঘুরতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় দম্পতি। নাম জাভেদ আখতার (৫৫) ও তাঁর স্ত্রী নাদিরা গুলশন (৪৭)। দম্পতির সঙ্গে ছিল তাঁদের তিন সন্তান- আর্জু, শিফা ও জাজেল। তারাও চোট পেয়েছে। আর্জুর মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে খবর। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই তরুণী। জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাগপুরে জাভেদের বড় হোটেল রয়েছে। নাম গুলশন প্লাজা হোটেল। স্থানীয় সূত্রে খবর, মিনিবাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত দম্পতির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে ইতালির ভারতীয় দূতাবাস। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২২ সেপ্টেম্বর ফ্রান্সে ছুটি কাটাতে যান জাভেদরা। পরে সেখান থেকে ইতালি আসেন। গত বৃহস্পতিবার মিনিবাসে সপরিবারে শহর ঘুরতে বেড়িয়েছিলেন জাভেদ। সূত্রের খবর, প্রথমে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা মারে। তার জেরেই মিনিবাসের গায়ে গিয়ে পড়ে ভ্যানটি। ঘটনাস্থলেই জাভেদ, নাদিরা ও মিনিবাস চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই জ্ঞান হারায় দম্পতির তিন সন্তান। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি টিম। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের হেলিকপ্টারের সাহায্যে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় শোকপ্রকাশ করেছে ইতালির ভারতীয় দূতাবাস। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, ‘গ্রোসেতোর কাছে দুর্ঘটনায় ভারতীয় দম্পতির মৃত্যুর খবরে আমরা শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসনের পাশাপাশি মৃত দম্পতির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যাবতীয় সাহায্য দেওয়া হচ্ছে।’



