নাগোয়া, ৩০ সেপ্টম্বর: বুধবার, সকাল থেকেই সোনার দিন ছিল ভারতের জন্য। কম্পাউন্ড আর্চারিতে তিন বিভাগে সোনা জয়ের হ্যাটট্রিক করলেন তীরন্দাজরা। সকালেই মহিলাদের দলগত বিভাগে সোনা এসেছিল তার পর এল মিক্সড টিম ও পুরুষদের দলগত বিভাগে। সোনা এল শ্যুটিংয়ের মিক্সড ট্র্যাপ ইভেন্টেও।
প্রথমে বুধবার সকালে মহিলাদের কম্পাউন্ড আর্চারি টিম ইভেন্টে সোনা ছিনিয়ে নিয়েছিল ভারত। ফাইনালে চীনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়েছিল জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ ও চিকিথা তানিপার্থির ত্রয়ী। এই সাফল্য চলতি এশিয়ান গেমসে ভারতকে এনে দিয়েছিল সপ্তম সোনা।
মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে এশিয়ান গেমসে ভারতের ধারাবাহিক সাফল্যের ছবিটাও উল্লেখযোগ্য। ২০১৪ সালে এই ইভেন্ট চালু হওয়ার পর থেকে প্রতিটি ম্যাচেই পদক জিতেছে ভারত। ২০১৪ সালে ব্রোঞ্জ, ২০১৮ সালে রুপো এবং পরপর ২০২৩ ও ২০২৬ সালে সোনা। আর এই চারটি পদকজয়ী দলেরই সদস্য ছিলেন ৩০ বছরের জ্যোতি সুরেখা ভেন্নাম। ফলে ভারতীয় কম্পাউন্ড আর্চারিতে তাঁর ধারাবাহিকতার বেনজির চিত্র উঠে আসে। মহিলা কম্পাউন্ড দলের এই সোনা ভারতের পদক তালিকাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। সপ্তম সোনা জয়ের পর চলতি এশিয়ান গেমসের সামগ্রিক পদক তালিকায় নবম স্থানে উঠে এসেছে ভারত।
এরপর একের পর এক বাজিমাত করতে থাকেন ভারতীয় আর্চাররা। মিক্সড টিম ইভেন্টে চিকিথা তানিপার্থি ও সাহিল যাদব জুটি হাড্ডাহাড্ডি ম্যাচে হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়ার জুটিকে। নির্ধারিত সময়ে দু'দলেরই পয়েন্ট ছিল ১৫৭। ম্যাচ গড়ায় শ্যুটঅফে। টানটান ম্যাচে শেষ পর্যন্ত ২০-১৯ ব্যবধানে কোরিয়ান জুটিকে হারিয়ে সোনা জেতেন চিকথা-সাহিল জুটি। মিক্সড ইভেন্টে জেতার পর কম্পাউন্ডে পুরুষদের ইভেন্টেও সোনা জিতে হ্যাটট্রিক করলেন ভারতের আর্চাররা। সাহিল যাদব, কুশল দালাল, গণেশ মণিরত্নমরা ফাইনালে ২৩৮-২৩৭ স্কোরে হারাল চীনকে।
অন্যদিকে, মহিলাদের ট্র্যাপ ইভেন্টে সোনা জেতার পর এদিন মিক্সড ট্র্যাপ ইভেন্টে কিনান চেনাইকে সঙ্গে নিয়ে সোনা জিতলেন নিরু। ভারতীয় শ্যুটাররা ৪০ এর মধ্য ৩৪ স্কোর করে এশিয়ান রেকর্ড করেছেন। ১০টি সোনা জিতে মেডেল ট্যালির ৭ নম্বরে উঠে এল ভারত।