Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়াডে জোড়া সোনা, দশে উঠল ভারত

ঐতিহাসিক সোনা নীরু ধান্ডার। এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপে দেশের প্রথম সেনা আনলেন সেনাবাহিনীর এই সুবেদার

এশিয়াডে জোড়া সোনা, দশে উঠল ভারত
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: ঐতিহাসিক সোনা নীরু ধান্ডার। এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপে দেশের প্রথম সেনা আনলেন সেনাবাহিনীর এই সুবেদার। এর আগে শ্যুটিংয়ে মহিলাদের এই ইভেন্টে ভারত কখনো সোনা জেতেনি। চলতি আসরে এটা ভারতের প্রথম ব্যক্তিগত সোনাও। এর আগে মহিলাদের ক্রিকেট, শ্যুটিংয়ের মিক্সড ইভেন্ট, পুরুষ ও মহিলাদের কবাডিতে এসেছিল স্বর্ণপদক। মঙ্গলবার প্রবল বৃষ্টি ও কনকনে ঠান্ডার মধ্যেও লক্ষ্যে অবিচল থেকে বাজিমাত করেন নীরু। ভাইয়ের কাছে ধার করা বন্দুকে খেলা শুরু করা ২৬ বছর বয়সি যাবতীয় প্রতিকূলতা উড়িয়ে আনেন সোনা। টিনের ক্যানকে নিশানা করে একসময় প্রস্তুতি নেওয়া নীরু ফাইনালে ৩০’র মধ্যে করেন ২৮ স্কোর। দ্বিতীয় স্থানে থাকা চীনের সুন ইউনঙ তোলেন ২৬।

Advertisement

এদিন আরও একটি সোনা এসেছে ভারতের ঝুলিতে। অ্যাথলেটিকসে মহিলাদের ৪ X ৪০০ মিটার রিলেতে আসে দিনের দ্বিতীয় সোনা। কিরণ, প্রাচী চৌধুরী, এমআর পুভাম্মা ও ভিথ্যা রামরাজ সময় নেন ৩:২৯.৬৯ সেকেন্ড। প্রথম ল্যাপের শেষে যদিও ভারত ছিল চতুর্থ স্থানে। কিন্তু তারপর গতি বাড়িয়ে এবারের ষষ্ঠ সোনা জিতে নেয় রিলে টিম। এই দলের সদস্য থাকা ৩৬ বছর বয়সি পুভাম্মা ২০১৪ ও ২০১৮ এশিয়ান গেমসে সোনাজয়ী রিলে টিমেও ছিলেন। উল্লেখ্য, এদিনের সোনাজয়ী দলের অন্যতম অঙ্গ ভিথ্যা আবার সোমবারই ৪০০মিটার হার্ডলসে পি টি ঊষার চার দশক পুরনো রেকর্ড ভেঙে জেতেন ব্রোঞ্জ। 
জোড়া সোনা ছাড়াও একটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঘরে। মোট ৫২ পদকে তালিকার আপাতত দশম স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া। শ্যুটিংয়ে মহিলাদের দলগত ট্র্যাপ ইভেন্টে আসে দিনের একমাত্র রুপো। সেই দলে সোনাজয়ী নীরু ছাড়াও ছিলেন অসীমা আহলাওয়াত ও মনীষা কির। তাঁরা সম্মিলিত সংগ্রহ ৩২৮ পয়েন্ট। সোনা যায় চীনের (৩৪৬ পয়েন্ট) ঘরে। এরপরই ট্র্যাপের ব্যক্তিগত ইভেন্টে বাজিমাত করেন নীরু।
এদিকে, এশিয়ান গেমসের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় হিসেবে কোনো আসরে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তিনটি পদক জিতলেন গুলবীর সিং। ১০০০০ মিটার ও ১৫০০ মিটারে রুপোর পর এদিন ৫০০০ মিটারে ব্রোঞ্জ জেতেন তিনি। বক্সিংয়ে পুরুষদের ৯০ কেজি ব্রোঞ্জ আনেন নরিন্দার বেরওয়াল। মহিলাদের হাইজাম্পে ১৯ বছর বয়সি পুজা সিং ১.৮৪ মিটার লাফিয়ে জেতেন ব্রোঞ্জ। পুরুষদের ৪ X ৪০০ মিটার রিলেতে বিশাল, ধরমবীর চৌধুরী, জয় কুমার ও মানুকে নিয়ে গড়া দল গতবারের সোনা ধরে রাখতে না পারলেও তৃতীয় (৩:০১.৬১ সেকেন্ড) হয়। মিক্সড ৪ X ১০০ মিটার রিলেতে গুরবিন্দর সিং, স্নেহা সাথীনারায়ন, অনিমেষ কুজুর ও হারিতা ভদ্রকে নিয়ে গড়া দল মরশুমের সেরা সময় (৪১.০৬ সেকেন্ড) করে আনেন ব্রোঞ্জ।

Advertisement
সম্পর্কিত সংবাদ