দুবাই: গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। জবাবে ভারতীয় সেনা চালিয়েছিল অপারেশন সিন্দুর। তাতেও অবশ্য ক্ষত পুরোপুরি সারেনি। এই আবহে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলা নিয়ে আপত্তি উঠেছিল। কিন্তু তাতে খুব একটা আমল দেয়নি সরকার কিংবা বিসিসিআই। পূর্বঘোষিত সূচি অনুযায়ী এশিয়া কাপে অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া।
ক্রিকেট দুনিয়ার চোখ ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান মহারণে। এই ম্যাচ বন্ধ রাখার জন্য সুপ্রিম কোর্টে হয় জনস্বার্থ মামলা। আইনের চার শিক্ষার্থী মামলা করেন বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চে। রবিবার যেহেতু ভারত-পাকিস্তান ম্যাচ, তাই মামলাকীর আইনজীবী দ্রুততার সঙ্গে শুক্রবার শুনানির আবেদন করেছিলেন। কিন্তু তাতে সাড়া দেননি বিচারপতিরা। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ‘দ্য ম্যাচ মাস্ট গো অন’। রবিবার ম্যাচ। খেলা খেলার মতো চলুক। আমরা কী করতে পারি?’ ফলে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আইনি কোনও বাধা রইল না।
বাইশ গজে ভারত-পাক মহারণ মানেই সীমান্ত পেরিয়ে উত্তেজনার চোরাস্রোত প্রবাহিত হওয়া। এবারও তার অন্যথা হচ্ছে না। তবে পহেলগাঁও কাণ্ড এবং সিন্দুর অপরারেশনের পরিপ্রেক্ষিতে রবিবারের লড়াইয়ের গুরুত্ব অনেকটাই। জয়-পরাজয়ের প্রভাব পড়বে দুই দেশের কূটনীতিতে। ফলে প্রবল চাপ নিয়েই মাঠে নামবেন ক্রিকেটাররা। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার জন্য তৈরি। আমিরশাহিকে হারানোর পর তিনি জানিয়েছেন, ‘আমরা এখন ওই ম্যাচটার প্রহর গুনছি। প্রতেকেই দারুণ উত্তেজিত। দুর্দান্ত ক্রিকেট মেলে ধরে জয় ছিনিয়ে নেওয়াই একমাত্র লক্ষ্য।’
প্রতিপক্ষ যেমনই হোক, প্রথম ম্যাচেই ৯ উইকেটে জয় মনোবল বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। তাও আবার পাকিস্তান ম্যাচের আগে। বুধবার আরব আমিরশাহিকে হেলায় হারানোর পর বেশ ফুরফুরে মেজাজে সূর্যকুমার যাদব, শুভমান গিলরা। কম্বিনেশন নিয়ে সংশয় দূর হয়েছে। সঞ্জু স্যামসনের উপরই ভরসা রেখেছেন কোচ গৌতম গম্ভীর। তবে বদলে গিয়েছে তাঁর ব্যাটিং অর্ডার। তিনি ব্যাট করবেন পাঁচ নম্বরে। বুধবার মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় আমিরশাহি। স্পিনার কুলদীপ যাদব একাই নিয়েছেন ৪ উইকেট। বল হাতে চমক দিয়েছেন শিবম দুবেও। তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছিল টিম ইন্ডিয়া। তার কারণও ব্যখ্যা করেছেন সূর্যকুমার, ‘উইকেট কিছুটা মন্থর। তাপমাত্রাও বেশি। মনে হয়েছিল, স্পিনাররা ভালো করবে। কুলদীপরা প্রত্যাশা পূরণে সফল।’