Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রবিবার ভারত-পাক মহারণ, হ্যান্ডশেক না করার নির্দেশ আইসিসি’র, ওমানের বিরুদ্ধে বড় জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া।

রবিবার ভারত-পাক মহারণ, হ্যান্ডশেক না করার নির্দেশ আইসিসি’র, ওমানের বিরুদ্ধে বড় জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দুবাই: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। তাই শুক্রবার ওমানের বিরুদ্ধে ম্যাচটা নিয়মরক্ষার। তবুও বাড়তি গুরুত্ব পাচ্ছে ভারতীয় শিবিরে। কারণ, পরের লড়াইগুলো বেশ কঠিন। ফাইনালের ওঠার পথে সূর্যদের দিতে হবে একের পর এক পরীক্ষায়। তাই ওমান ম্যাচকে তারই মহড়া হিসেবে দেখছে টিম ইন্ডিয়া।

Advertisement

ক্রীড়াসূচি অনুযায়ী রবিবার ফের ভারত-পাক মহারণ। গ্রুপে দুই প্রতিবেশী দেশের লড়াইয়ে অনেক বারুদ ছিল। তবে ম্যাচের থেকে উপভোগ্য হয়ে উঠেছিল হ্যান্ডশেক বিতর্ক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং সিন্দুর অভিযানের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে। এই আবহে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি ভারতীয় ক্রিকেটারদের। তবে বাধ্যবাধকতায় ম্যাচ খেললেও, পাক অধিনায়কের সঙ্গে করমর্দন না করে সূর্যকুমার যাদব দেশভক্তির পরিচয় দেন। জয় উৎসর্গ করেন সেনাবাহিনীকে। শ্রদ্ধা জানিয়েছিলেন পহেলগাঁওয়ের নিহতদের প্রতি। তাই শুধু মাঠে নয়, মাঠের বাইরে ভারত অধিনায়কের অবস্থান সমাদৃত বিভিন্ন মহলে। সার্বিকভাবে এশিয়া কাপে ভারতের পারফরম্যান্সও বেশ ভালো। তাই ফোকাস যাতে নড়ে না যায় সেই কারণে হান্ডশেক বিতর্ক থেকে নিজেদের সরিয়ে রেখেছেন ভারতীয় ক্রিকেটাররা। গিল, সঞ্জুদের লক্ষ্য একটাই—খেতাব জিতে দেশে ফেরা। একই সঙ্গে বিতর্ক থামাতে পদক্ষেপ নিল আইসিসি। পিসিবি’কে বলা হয়েছে, রবিবারের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটাররা যেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যায়।
ওমানের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতার পাশাপাশি রিজার্ভ বেঞ্চও পরখ করে নিতে চাইছেন কোচ গৌতম গম্ভীর। পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতীয় ক্রিকেটারদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তবুও প্রদীপের নীচে থাকে অন্ধকার। সেটাই খুঁজে বের করার চেষ্টায় রয়েছেন কোচ। আসলে পাক ম্যাচে জিতলেও শুভমান গিল উইকেট ছুড়ে দিয়েছিলেন। গত কয়েকদিন নেটে অনেকটা সময় কাটিয়েছেন পাঞ্জাব কা পুত্তর। ভুল শুধরে বড় রান করাই লক্ষ্য তাঁর। দুরন্ত ফর্মে অভিষেক শর্মা। ক্যাপ্টেন সূর্যকুমারও বড় রান পেয়েছেন। তিলক ভার্মা, শিবম দুবের মতো ক্রিকেটাররাও দিয়েছেন প্রতিভার পরিচয়। তবুও ভারতীয় টিম ম্যানেজমেন্ট রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নিতে পারে। প্রথম একাদশে ঢুকতে পারেন রিঙ্কু সিং। ফিটনেস সমস্যা রয়েছে বুমরাহর। তাঁকে বিশ্রামের ভাবনা সুপার ফোরের লড়াইয়ের আগে। বুমবুম বসলে খেলতে পারেন অর্শদীপ সিং। একই সঙ্গে হর্ষিত রানাকেও তৈরি রাখা হচ্ছে। আসলে এরপর আর দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ সুযোগ পাবেন না কোচ গৌতম গম্ভীর। তাছাড়া দুবাইয়ে এখন বেশ গরম। ক্রিকেটাররা দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন। চোট সমস্যাও বাড়তে পারে। সেই কারণেই পরিবর্ত ক্রিকেটারদের তৈরি রাখাও জরুরি। মরুদেশে স্পিনাররা পাচ্ছেন বাড়তি সুবিধা। পাকিস্তানের বিরুদ্ধে তিন স্পিনারে দল সাজিয়েছিলেন কোচ গম্ভীর। অক্ষর প্যাটেলের সঙ্গে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে খেলানো হচ্ছে। দুরন্ত ফর্মে চায়নাম্যান স্পিনার কুলদীপ। একটু অফ ফর্মে লাগলেও এই ধরনের পিচে বরুণও হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। 
 খেলা শুরু রাত ৮টায়। সম্প্রচার সোনি নেটওয়ার্ক চ্যানেলে।

সম্পর্কিত সংবাদ