দুবাই: মাঠের বাইরের কোনওকিছু নিয়ে ভেবো না। ফোকাস থাক শুধু ক্রিকেটেই। পাকিস্তানের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে নামার আগে সূর্যকুমার যাদবদের এমনই নির্দেশ দিলেন কোচ গৌতম গম্ভীর।
দুবাই: মাঠের বাইরের কোনওকিছু নিয়ে ভেবো না। ফোকাস থাক শুধু ক্রিকেটেই। পাকিস্তানের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে নামার আগে সূর্যকুমার যাদবদের এমনই নির্দেশ দিলেন কোচ গৌতম গম্ভীর।
এশিয়া কাপে রবিবারের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে চর্চা তুঙ্গে। পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে অসহায় মানুষের মৃত্যুর ক্ষত এখনও টাটকা। দু’মাস আগে ইংল্যান্ডে লেজেন্ডস লিগ ক্রিকেটে শাহিদ আফ্রিদির পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিলেন হরভজন সিং, শিখর ধাওয়ান, যুবরাজ সিংরা। এশিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত নয় বলছেন অনেকে। এই নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতেও। পাকিস্তানকে বয়কট করা উচিত বলে মতামত জোরদার। ভারতীয় ক্রিকেট দল অবশ্য এই ব্যাপারে বিসিসিআইয়ের নির্দেশ অনুসরণ করছে। শনিবার ফিল্ডিং কোচ রায়ান টেন ডয়েসকাটে বলেছেন, ‘এটা খুবই স্পর্শকাতর ইস্যু। দেশবাসীর আবেগ উপলব্ধি করতে পারছে ক্রিকেটাররা। এটা নিয়ে টিম মিটিংয়ে আলোচনাও হয়েছে। তবে ক্রিকেটাররা এখানে খেলতে এসেছে। আর আমরা সরকারি নির্দেশ মেনেই খেলছি। তবু চারদিকে এত কথাবার্তা হওয়ায় অস্বস্তিতে সকলে। আর সেটা বুঝেই কোচ গম্ভীর বলেছে, যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভাবনাচিন্তা বন্ধ করতে। শুধু ক্রিকেটেই যেন ফোকাস রাখা হয়।’
আসলে রবিবারের ম্যাচের সঙ্গে রাজনীতি, জঙ্গি হানা, অপারেশন সিন্দুর, দ্বিপাক্ষিক সম্পর্কের মতো শব্দগুলোও জড়িয়ে থাকছে ওতপ্রোতভাবে। সূর্যকুমার যাদব এবং সলমন আগা টস করতে যাওয়ার সময় নিঃসন্দেহে স্তব্ধ হয়ে পড়বে উপমহাদেশ। সকলের নজর থাকবে দুবাইয়ে। এমনিতেই ভারত অধিনায়ক সূর্যর সঙ্গে কয়েকদিন আগে অধিনায়কদের সাংবাদিক সম্মেলনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির করমর্দন নিয়ে উত্তাল হয়েছে নানামহল। কে বলতে পারে, টসের সময় সূর্য ও সলমন হাসলেও তা নিয়ে বিতর্ক হবে না? এই মোকাবিলা মানেই যে ওয়াঘার দু’পাশে টেনশনের চোরাস্রোত! তবে এশিয়া কাপের এই হাইভোল্টেজ লড়াই নিয়ে চেনা উত্তেজনার অভাব রয়েছে মরুদেশে। সব টিকিট বিক্রি হয়নি, যা ভাবাই যায় না! তার উপর শুক্রবার ভারতের প্র্যাকটিস দেখতেও ভিড় হয়নি। প্রশ্ন উঠছে, তাহলে কি এই ম্যাচ তার আকর্ষণী শক্তি হারাল?
এদিকে, শনিবার অনুশীলনে চোট পেয়েছেন শুভমান গিল। হাতে বলের আঘাত লাগায় যন্ত্রণা অনুভব করেন সহ-অধিনায়ক। তা দেখে ছুটে আসেন ফিজিও। হাতে দীর্ঘক্ষণ বরফ দিতেও দেখা যায় শুভমানকে। এরপর গিলের সঙ্গে আলাদা করে কথাও বলেন কোচ ও ক্যাপ্টেন। যদিও তাঁর চোট কতটা গুরুতর জানা যায়নি।
খেলা শুরু রাত ৮টা। সম্প্রচার সোনি স্পোর্টসে।