Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

দু’বছর পর বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন শুরু আগামী ২৮ জুন

দু’বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ২৮ জুন থেকে চালু হচ্ছে। ভারতের নতুন হাইকমিশনারের ঘোষণা। বিস্তারিত পড়ুন।

দু’বছর পর বাংলাদেশিদের জন্য  চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন শুরু আগামী ২৮ জুন
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: প্রায় দুই বছর বন্ধ থাকার পর ফের বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার সিদ্ধান্ত নিল ভারত। বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী একথা জানান। ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে সাংবাদিক সম্মেলনে ত্রিবেদী বলেন, আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের আবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার কাজ শুরু হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত।

Advertisement

একদিন আগেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে মোদি সরকার। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিবেদী। তাঁর হাতে নিজের পরিচয়পত্র পেশ করে রাষ্ট্রদূত হিসাবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তিনি। দীনেশ জানিয়েছেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনার ভিসাকেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসা দেওয়ার কাজ শুরু হবে। তিনি আরও জানান, যখন বাংলাদেশে বেনাপোল হয়ে আসছিলেন, তখনই ভিসা সংক্রান্ত প্রশ্ন উঠেছিল। ভিসা খুব জরুরি একটি বিষয়। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও ও ভিসা কেন্দ্রের সামনে একাধিকবার বিক্ষোভ হয়। পরিস্থিতি পর্যালোচনা করে ট্যুরিস্ট ভিসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ভারত। পরে ভিসা সেন্টার চালু হলেও মূলত মেডিকেল ভিসা এবং জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো ভিসা ইস্যু করা হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। প্রায় দু’বছর বন্ধ থাকার পর শেষ পর্যন্ত পর্যটন ভিসা চালু হওয়ায় খুশি বাংলাদেশের আমজনতা।
অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ-উর-রহমানকে নয়াদিল্লি বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনায় ভারতের জবাবে সন্তুষ্ট নয় ঢাকা। গোটা ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে জানিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ