নয়াদিল্লি: বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-র তথ্য উল্লেখ করে এমনই দাবি করেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম। সামনে এখন শুধু আমেরিকা, চীন ও জার্মানি। যদিও আইএমএফেরই সাম্প্রতিক তথ্যের পর্যালোচনায় অন্য তথ্য উঠে আসছে। আইএমএফের সাম্প্রতিক তথ্য বলছে, জিডিপির নিরিখে জাপানকে টপকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারত এখনও জাপানকে টপকে যেতে পারেনি। সংস্থার ২০২৫ সালের এপ্রিল মাসের সাম্প্রতিকতম আউটলুক রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে। যদিও নীতি আয়োগের সিইও এদিনও দাবি করেছেন, ভারত ইতিমধ্যেই জাপানকে টপকে চতুর্থস্থানে উঠে এসেছে।



