Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীলঙ্কাকে হারাল ভারত

একদিনের বিশ্বকাপ জয় অতীত। আগামী বছর টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় তুলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।

শ্রীলঙ্কাকে হারাল ভারত
  • ২২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশাখাপত্তনম: একদিনের বিশ্বকাপ জয় অতীত। আগামী বছর টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় তুলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। রবিবার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে লঙ্কা ব্রিগেডকে বশ মানান হরমনপ্রীত কাউররা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ৩২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় প্রমীলা ব্রিগেড (১২২-২)। দুরন্ত অর্ধ-শতরানে ম্যাচের সেরা জেমাইমা রডরিগেজ। ৪৪ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন তিনি। পাশাপাশি ক্যাপ্টেন হরমনপ্রীতের সংগ্রহ অপরাজিত ১৫ রান। তার আগে ২৫ বলে ২৫ রান করে ফেরেন স্মৃতি মান্ধানা। উল্লেখ্য, ভারতের প্রথম মহিলা ব্যাটার তথা বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-২০’তে চার হাজার রান পূর্ণ করেন এই বাঁ হাতি ওপেনার। ১৫৫ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তাঁর আগে এই মাইলস্টোন স্পর্শ করেছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। নজিরের দিনে স্মৃতিকে অবশ্য চেনা ছন্দে দেখা যায়নি। বোঝাই যাচ্ছিল, ব্যক্তিগত জীবনের ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি তিনি। 

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার সর্বাধিক রান ভিশ্মি গুনারাত্নের (৩৯)। এছাড়া সেভাবে কেউই ক্রিজে থিতু হতে পারেননি। ভারতের হয়ে একটি করে উইকেট নেন যথাক্রমে ক্রান্তি গউড়, দীপ্তি শর্মা ও শ্রী চরণি। মঙ্গলবার দ্বিতীয় টি-২০ ম্যাচে নামবে দু’দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ