নয়াদিল্লি ও ঢাকা, ১৭ ডিসেম্বর: মৌলবাদীদের উস্কানিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে পৌঁছিয়েছে। তাতে পরোক্ষ ইন্ধন দিচ্ছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রচারের আলো পেতে নিয়ম করে দু’দেশের সম্পর্কে বিষ ঢেলে চলেছে কিছু নেতা। শুধু তাই নয়, আজ, বুধবার বিকেলে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন অভিযানের (মার্চ টু হাইকমিশন) ডাক দিয়েছে তথাকথিত ‘জুলাই যোদ্ধা’রা। পদ্মাপারে উদ্ভূত এহেন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। বুধবার দুপুরে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠানো হয়। তাঁকে তলব করেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (বিএম) বি শ্যাম। বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।



