


রাজগির: এশিয়া কাপ হকিতে ভারতের দাপট অব্যাহত। শনিবার সুপার ফোরের শেষ ম্যাচে চীনকে ৭-০ ব্যবধানে দুরমুশ করলেন হরমনপ্রীত সিংরা। জোড়া গোল অভিষেকের। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন যথাক্রমে শিলানন্দ লাকরা, দিলপ্রীত সিং, মনদীপ সিং, রাজকুমার পাল ও সুখজিত্ সিং। দাপুটে এই জয়ের সুবাদে সুপার ফোরে শীর্ষস্থানে থেকে ফাইনালের জায়গা পাকা করল টিম ইন্ডিয়া। রবিবার খেতাবি লড়াইয়ে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
এশিয়া কাপের শুরুর দিকে কিছুটা নড়বড়ে লাগছিল ভারতকে। পুলের ম্যাচে এই চীনকে হারাতেই কালঘাম ছুটে গিয়েছিল হরমনপ্রীতদের। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে আসে জয়। তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে ছন্দ ফিরে পেয়েছেন সুখজিত্-অভিষেকরা। গত ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে বড় জয়ের পর এদিন চিনকেও খড়কুটোর মতো উড়িয়ে দিল ফুলটন-ব্রিগেড। রাজগিরে চতুর্থ মিনিটেই ভারতকে কাঙ্ক্ষিত লিগ এনে দেন শিলানন্দ লাকরা (১-০)। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন দিলপ্রীত সিং (২-০)। পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ-ফ্লিকার হরমনপ্রীতের শট চীনা গোলরক্ষক ঠেকালেও বিপন্মুক্ত করতে ব্যর্থ। ফিরতি বল জালে জড়াতে ভুল হয়নি দিলপ্রীতের।
দ্বিতীয় কোয়ার্টারেও ভারতের একচেটিয়া দাপট অব্যাহত ছিল। ১৮ মিনিটে ৩-০ করেন মনদীপ। এই পর্বে ভারতীয় অ্যাটাকারদের অহরহ আক্রমণে খেই হারিয়ে ফেলে চীনের রক্ষণভাগ। ৩৭ মিনিটে শিলানন্দের সাজিয়ে দেওয়া বল থেকে ব্যবধান বাড়ান রাজকুমার পাল (৪-০)। দু’মিনিট ফের লক্ষ্যভেদ সুখজিতের (৫-০)। আর ৪৬ ও ৫০ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ দু’টি পেরেক পোঁতেন অভিষেক (৭-০)।
ফাইনালের আগে ফরোয়ার্ডদের দুরন্ত ফর্ম ভরসা জোগাচ্ছে কোচ ফুলটনকে। তবে আলাদা করে প্রশংসা প্রাপ্য শিলানন্দ লাকরার। এদিন স্কোরশিটে নাম তোলার পাশাপাশি তিনটি গোলে অবদান রেখে ম্যাচের সেরাও তিনি। পুরস্কার মঞ্চে বলছিলেন, ‘টিম গেমেই বাজিমাত করেছি। চীনকে ম্যাচে ফেরার সুযোগই দিইনি। সঠিক সময়ে দল ছন্দ ফিরে পেয়েছি। ফাইনালেও সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত আমরা।’ উল্লেখ্য, এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। সেই নিরিখে রবিবারের ফাইনাল গুরুত্বপূর্ণ। তবে সুপার ফোরে দক্ষিণ কোরিয়ার কাছে আটকে গিয়েছিল ভারত। তাই ফাইনালে হরমনপ্রীতদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
সম্প্রচার সোনি স্পোর্টসে।