Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার জালিয়াতদের শিকড় থেকে উপড়ে ফেলতে সমন্বয় বৃদ্ধিতে জোর

রাজ্যগুলির মধ্যে সমন্বয়ের অভাবে সাইবার জালিয়াতরা জামিন পেয়ে যাচ্ছে। জেল থেকে ছাড়া পেয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর আবার তারা প্রতারণা শুরু করে দিচ্ছে।

সাইবার জালিয়াতদের শিকড় থেকে উপড়ে ফেলতে সমন্বয় বৃদ্ধিতে জোর
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: রাজ্যগুলির মধ্যে সমন্বয়ের অভাবে সাইবার জালিয়াতরা জামিন পেয়ে যাচ্ছে। জেল থেকে ছাড়া পেয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর আবার তারা প্রতারণা শুরু করে দিচ্ছে। এই ধরনের প্রতারণা চক্রের সিংহভাগই রাজস্থান, হরিয়ানা ও ঝাড়খণ্ডের। তাদের বিরুদ্ধে গোটা দেশেই অজস্র মামলা রয়েছে। তাই কোনও জালিয়াত কোনও একটি রাজ্যে জামিন পেলে  তৎক্ষণাৎ তাকে অন্য রাজ্যে তারই বিরুদ্ধে ঝুলে থাকা মামলায় গ্রেপ্তার করতে হবে। এর জন্য রাজ্যগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে সমস্ত রাজ্যের ডিজিকে চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রক। 

Advertisement

দেশজুড়ে বাড়ছে সাইবার জালিয়াতি। চলতি বছরের প্রথম তিন মাসেই  প্রতারকরা হাতিয়েছে ১০৭.২১ কোটি টাকা। ১৩,৩৮৪টি অভিযোগ জমা পড়েছে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অপরাধীদের টার্গেট ২০ হাজার কোটি টাকা হাতানো। তদন্তে উঠে এসেছে, সাইবার প্রতারণার ‘হট স্পট’ হল রাজস্থান, হরিয়ানা ও ঝাড়খণ্ড। বিগত কয়েক বছরে এই তিন রাজ্য থেকে তিন হাজারের বেশি সাইবার প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার অপরাধ মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রক চালু করেছে সাইবার ক্রাইম পোর্টাল। কোনও রাজ্যে সাইবার জালিয়াতির অভিযোগ জমা পড়লে ও জালিয়াত ধরা পড়লে এই পোর্টালে তা আপলোড করা বাধ্যতামূলক। সেই সূত্র ধরে জানা যায়, অভিযুক্তরা আর কোন কোন রাজ্যে অপরাধ করেছে। সাইবার ক্রাইম পোর্টালের তথ্য অনুযায়ী, যে ৩ হাজার জন গ্রেপ্তার হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবক’টি রাজ্যেই অভিযোগ রয়েছে। 
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, কোনও রাজ্যে সাইবার জালিয়াত ধরা পড়লে তার বিষয়ে খোঁজখবর রাখছে না অন্যান্য রাজ্য। সংশ্লিষ্ট তথ্য ‘শেয়ার’ও করা হচ্ছে না অন্যদের সঙ্গে। তথ্য আদানপ্রদানে এই খামতিরই সুযোগ নিচ্ছে সাইবার প্রতারকরা। মন্ত্রকের কর্তারা জেনেছেন, কোঠাও সাইবার   প্রতারক ধরা পড়ার কিছুদিন পর জামিন পেয়ে যাচ্ছে। রাজ্যগুলির মধ্যে সমন্বয়ের অভাব থাকায় অভিযুক্তকে নিজেদের হেফাজতে পেতে অন্য রাজ্যের পুলিস নির্দিষ্ট সময়ে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জমা দিতে পারছে না। আধিকারিকদের ব্যাখ্যা, অভিযুক্ত জেল হেফাজতে যাওয়ার পরই তাকে অন্য কোনও রাজ্যও হেফাজতে নিলে আগের মামলায় জামিন মিললেও তার বাইরে বেরনো সম্ভব হয় না। রাজ্যগুলি এটাই করছে না। প্রতারণা চক্রকে শিকড় থেকে উপড়ে ফেলতেই স্বরাষ্ট্র মন্ত্রক এই সমন্বয় বৃদ্ধির চিঠি সব রাজ্যকে পাঠিয়েছে বলে খবর। তার জন্য গ্রেপ্তারির তথ্য নিজেদের মধ্যে আদানপ্রদান করতে হবে। অর্থাৎ, গোটা প্রক্রিয়াটি এমনভাবে করতে হবে, যাতে অভিযুক্তরা কোনওভাবেই বাইরে বেরিয়ে আবার জালিয়াতি শুরু করতে না পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ