চেন্নাইয়ে মেট্রো রুটের উদ্বোধন,  মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সফরে মোদি
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ককরোচ আন্দোলনে উত্তাল দিল্লি। এই আবহে রবিবার চেন্নাইয়ে নতুন মেট্রোপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৪৯০০ কোটি টাকা ব্যয়ে তৈরি পুন্নামাল্লি-বদপালনি রুটের উদ্বোধনে মোদির সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরও। অনুষ্ঠানের পর পরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে মেট্রোয় সফরও করেন প্রধানমন্ত্রী। 

Advertisement

মোদির উদ্বোধন করা অংশে রয়েছে ১১টি মেট্রো স্টেশন। পুন্নামাল্লি বাইপাস থেকে বদপালনি পর্যন্ত এই পথে রয়েছে ৩.৭ কিলোমিটার দীর্ঘ ডবল-ডেকার পরিকাঠামো। চালকবিহীন মেট্রো চালানোর উপযোগী উন্নত সিগন্যালিং ব্যবস্থাও রয়েছে এই অংশে। আজ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত পরিষেবা চালু হবে। রাজ্যে মোট ১৩ হাজার কোটির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের করেন মোদি। তার মধ্যে রয়েছে প্রায় ৩৭০০ কোটি টাকা ব্যয়ে তৈরি একাধিক জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন। পাশাপাশি রেল পরিকাঠামো উন্নয়নে ৭৫০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নতুন করে সাজিয়ে তোলা পালানি, ভেলোর ক্যান্টনমেন্ট, আম্বাসমুদ্রম, পরমাক্কুড়ি ও নামাক্কাল স্টেশনেরও উদ্বোধন করেন তিনি। চেন্নাই বন্দরেও চারটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, মানালি রিফাইনারিতে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (সিপিসিএল) গ্রুপ-২ ও গ্রুপ-৩ লুব অয়েল বেস স্টকস প্রকল্পেরও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। প্রায় ১৬২০ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা এই প্রকল্পের বার্ষিক উৎপাদন ক্ষমতা ২ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন।  টিকিট কেটে মেট্রো স্টেশনে ঢুকছেন প্রধানমন্ত্রী।-পিটিআই