নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেপালে দুর্যোগের পর উত্তরবঙ্গের পাহাড়ের ভৌগোলিক ও পরিবেশগত দুর্বলতা খতিয়ে দেখতে সমীক্ষার সিদ্ধান্ত নিল রাজ্য। শীঘ্রই ৫০ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকারের ‘অর্জুন বাহিনী’-র শুভ সূচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা চিঠি দিয়ে উত্তরবঙ্গের হিমালয় অঞ্চলের দুর্বলতা নিয়ে বৈজ্ঞানিক সমীক্ষা চালাতে বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদন জানিয়েছিন। তার ভত্তিতেই এই সিদ্ধান্ত। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিকসহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় সাম্প্রতিক বছরগুলিতে বন্যা, ভূমিধস এবং অতিবৃষ্টি বেড়েছে। ভঙ্গুর ভূপ্রকৃতির কারণে ভবিষ্যতে ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই কমিটি। এছাড়াও দীঘা, মুকুটমণিপুর, তরাই-ডুয়ার্স, মন্দারমণি, তারাপীঠের মতো পর্যটন কেন্দ্রে ‘অর্জুন বাহিনী’ মোতায়েন হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
অন্যদিকে, এদিনই নবান্ন থেকে সাংবাদিকদের জন্য বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় সমান ভাতা পাবেন কলকাতা এবং জেলার সংবাদিকরা। তিন হাজার টাকা করে দেওয়া হবে। মঙ্গলবার নবান্ন সভাঘরে ‘পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন যোজনা, ২০২৬’ এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচির সূচনায় এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার মাধ্যমে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। রাজ্যে ১৭০০ এবং গোটা দেশে ৩৮ হাজার হাসপাতালে এর সুবিধা মিলবে। নিউজ ডেস্কে কর্মরতসহ সমস্ত সাংবাদিকরা সুবিধা পাবেন। গণমাধ্যমের প্রতি মুখ্যমন্ত্রীর আবেদন, ‘আমাদের সমালোচনা করবেন, আবার গঠনমূলক পরামর্শও দেবেন। রিভেঞ্জ নেওয়ার কোনো মানসিকতা আমার থাকবে না। তবে রাষ্ট্রের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে আপনারা সবাই কঠোর নীতি নিয়ে চলবেন।’