Bartaman Logo
৯ জুন, ২০২৬

চড়ের বদলা, দশম শ্রেণির ছাত্রকে ৩০ সেকেন্ডে ২৭ বার কোপাল দুই সহপাঠী

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক স্নুকার ক্লাবে দশম শ্রেণির ছাত্রকে দেদার কোপাল তারই দুই সহপাঠী। ক্লাবের সিসি ক্যামেরায় সেই হাড়হিম ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল।

চড়ের বদলা, দশম শ্রেণির ছাত্রকে ৩০ সেকেন্ডে ২৭ বার কোপাল দুই সহপাঠী
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক স্নুকার ক্লাবে দশম শ্রেণির ছাত্রকে দেদার কোপাল তারই দুই সহপাঠী। ক্লাবের সিসি ক্যামেরায় সেই হাড়হিম ঘটনার ছবি ইতিমধ্যেই ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, দুই নাবালক ক্লাবে ঢুকে আরও এক কিশোরকে এলোপাথাড়ি কোপ মারছে। তাদের হাতে রয়েছে ছুরি ও চপার। মাত্র ৩০ সেকেন্ডে ১৬ বছরের ওই নাবালককে অন্তত ২৭ বার কোপ মারে অভিযুক্তরা। তারপর তারা এলাকা ছেড়ে পালায়। সবচেয়ে আশ্চর্যজনক হলো, যাতে এই হামলার ঘটনা সবাই দেখতে পায় সে জন্য সিসি ক্যামেরার ফুটেজ তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। 

Advertisement

এদিকে হামলার জেরে আক্রান্ত কিশোরের কব্জিতে অন্তত ১০টি ক্ষত সৃষ্টি হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত গভীর। অন্যদিকে তার কাঁধে ও শরীরের অন্য জায়গাতেও আঘাত লেগেছে। ছুরির কোপে এক হাতের দুটি আঙুল কাটা পড়েছে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। 
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। একটি খেলায় আক্রান্ত কিশোর কোনও কারণে হামলাকারী দুই নাবালককে চড় মেরেছিল। সেই ঘটনার বদলা নিতে দশম শ্রেণির ওই ছাত্রকে কোপানো হয়। 
পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তারের পর তাদের নোটিস দিয়ে ছেড়ে দেয়। এলাকাবাসীর দাবি, ওই দুই ছাত্রের সঙ্গে প্রভাবশালী মানুষের যোগ রয়েছে। সে কারণেই পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। যদিও সাব ইনসপেক্টর মণিপাল সিং ভাদোরিয়া বলেন, নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। আক্রান্তের চিকিৎসা চলছে। চিকিৎসকরা কী রিপোর্ট দেন, তার ভিত্তিতেই পরবর্তী ধারা যুক্ত হবে। সেই অনুযায়ী পদক্ষেপও নেওয়া হবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

সম্পর্কিত সংবাদ