নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মদ্যপ অবস্থায় বিশ্ব বাংলা সরণিতে দুর্ঘটনা। তার জেরে গাড়ির চালক ও তাঁর সঙ্গীকে আটক করে নিউটাউন থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, থানার ভিতরেই ডিউটি অফিসার এক মহিলা সাব ইনসপেক্টরের শ্লীলতাহানি করেন ওই দুই যুবক। মহিলা অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে দু’জনকেই গ্রেপ্তার করে নিউটাউন থানা। ধৃতদের নাম উজ্জ্বল কুমার ও কানাইয়া কুমার। তাঁরা দু’জনেই নিউটাউনের অ্যাকশন এরিয়া-১ এর বাসিন্দা।
পুলিস সূত্রে খবর, শুক্রবার দোলের সন্ধ্যায় ঘটনার সূত্রপাত। এদিন বেপরোয়া গতিতে একটি লাল রঙের গাড়ি করে সেক্টর ফাইভ থেকে নিউটাউনে বাড়ির দিকে যাচ্ছিলেন দুই যুবক। বিশ্ববাংলা সরণির উপর বলাকা আবাসনের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লোহার রেলিংয়ে ধাক্কা দেয়। তুবড়ে যায় বনেট। কোনওক্রমে প্রাণে বেঁচে যান দুই পথচারী। গাড়ি থেকে উজ্জ্বল ও কানাইয়া বের হতেই পথচারীরা বুঝতে পারেন, তাঁরা মদ্যপ অবস্থায় রয়েছেন। এরপরেই তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন ট্রাফিক গার্ডের পুলিস। ঘটনাস্থল থেকে আটক করে তাঁদের নিউটাউন থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য উজ্জ্বলের বিরুদ্ধে মামলা করতে যায় পুলিস। অভিযোগ, তখনই ওই মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করেন অভিযুক্ত। সঙ্গ দেন কানাইয়াও।
নির্যাতিতার অভিযোগ, তাঁকে অশালীনভাবে স্পর্শ করা হয়, নোংরা ইঙ্গিতও করেন দুই মদ্যপ। তখনই প্রতিবাদ করলে থানার অন্যান্য অফিসার ফোর্স হাজির হন। সরকারি কাজে বাধা ও পুলিসকর্মীর শ্লীলতাহানির অভিযোগে দু’জনকেই গ্রেপ্তার করে নিউটাউন থানা। শনিবার দুই ধৃতকে বারাসত আদালতে পেশ করা হয়। বিচারক তাঁদের ১৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।