Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

অসমে ১৮ পেরলেই নতুন আধার নয়, ঘোষণা বিশ্বশর্মার

নয়া আধারকার্ড তৈরি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল অসমের বিজেপি সরকার। এবার থেকে ১৮ বছরের বেশি বয়সি আর কেউ নতুন আধার কার্ড বানাতে পারবেন না।

অসমে ১৮ পেরলেই নতুন আধার নয়, ঘোষণা বিশ্বশর্মার
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শিলচর: নয়া আধারকার্ড তৈরি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল অসমের বিজেপি সরকার। এবার থেকে ১৮ বছরের বেশি বয়সি আর কেউ নতুন আধার কার্ড বানাতে পারবেন না। তবে নয়া বিধি থেকে ছাড় দেওয়া হয়েছে তফশিলি জাতি, উপজাতি ও চা-বাগানের শ্রমিকদের। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জানা গিয়েছে, এব্যাপারে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসেছিল। সেখানেই নয়া বিধিতে অনুমোদন মিলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত একবছরের জন্য নয়া বিধি কার্যকর হবে। তবে অন্যান্য সম্প্রদায়ের এখনও যাঁরা আধার কার্ড করাননি বা হাতে পাননি, তাঁরা সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে পারবেন। তবে তারপরও ১৮ ঊর্ধ্ব কেউ যদি নতুন আধার কার্ড তৈরি করতে চান, তাহলে তাঁকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিরল থেকে বিরলতম ক্ষেত্রে আধার বানানো যাবে। কিন্তু, সেই কার্ড ইস্যু করার অধিকার থাকবে শুধুমাত্র জেলা কমিশনারের কাছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে স্পেশাল ব্রাঞ্চ ও ফরেন ট্রাইব্যুনালের রিপোর্ট খতিয়ে দেখতে হবে। 

Advertisement

কিন্তু, কেন এই পদক্ষেপ, তারও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। হিমন্তের দাবি, বহু বাংলাদেশি অবৈধভাবে অসমের প্রবেশ করছে। ভুয়ো নথি দিয়ে তারা আধার কার্ড বানাচ্ছে। সেই প্রবণতা ঠেকাতেই নয়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যদিও অসমের বিজেপি সরকারের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, দেশে আধার কার্ড তৈরির কোনও নূন্যতম বা ঊর্ধ্বসীমা নেই। সদ্যোজাতের জন্য তাঁর অভিভাবক থেকে শুরু করে প্রবীণ—যে কেউ আবেদন করতে পারেন। সেই নিয়মকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিল হিমন্ত সরকার।    

Advertisement
সম্পর্কিত সংবাদ