সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যতটা সম্ভব কম জায়গা নেওয়া হবে। বুধবার ঘাটালে প্রশাসনিক বৈঠকে এসে ঘাটালের সাংসদ দীপক অধিকারী(দেব) এমনটাই আশ্বাস দিলেন। এদিন ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে একটি প্রশাসনিক মিটিং ছিল। যেখানে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সচিব সুরেন্দ্র গুপ্তা, জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, এসপি ধৃতিমান সরকার, মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রমুখ ছিলেন। সেই মিটিংয়ের শেষে দেব বলেন, মাস্টার প্ল্যানের প্রাথমিক কাজ জমি অধিগ্রহণ। সেই কাজ দ্রুততার সঙ্গে এগিয়েছে। মাস্টার প্ল্যানের জন্য নতুন একটি সংশোধিত প্ল্যান হচ্ছে। যেটা আর এক-দেড় মাসের মধ্যেই হয়ে যাবে। এবার আগের থেকে অন্তত ৪০ শতাংশ জায়গা কম নেওয়া হবে। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই জন্যই দিদি(মমতা বন্দ্যোপাধ্যায়) এই মাস্টার প্ল্যান রূপায়ণ করার জন্য উদ্যোগী হয়েছেন। তাই আমরা চাই না মানুষের সমস্যা তৈরি করে মাস্টার প্ল্যান করার। সেই জন্য যতটা সম্ভব কম জায়গা নেওয়ার চেষ্টা করা হবে। দেব বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার এখনও পর্যন্ত ৬০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। পর্যায়ক্রমে বন্যায় ঘাটালে এবছর প্রচুর ক্ষতি হয়েছে। ঘাটাল মহকুমার পূর্ববর্তী পরিসংখ্যান অনুযায়ী এখানে সেপ্টম্বরের আগে বড় বন্যা হয় না। তাই আগামী কয়েক মাসে কী হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে আমাদের প্রশাসনের টিম সব দিক দিয়ে তৈরি। ক্ষতির বিষয়গুলি প্রশাসন দ্রুততার সঙ্গে দেখবে।



