নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল থেকে এক রোগী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও মহানাদের ওই রোগীর পরিবার পুলিসের কাছে অভিযোগ দায়ের করেননি। তবে মৌখিকভাবে হাসপাতাল প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। নিখোঁজ রোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মধ্যবয়সি ওই ব্যক্তির নাম মানস কর। সম্প্রতি হাসপাতালে তিনি চিকিৎসা করাতে এসেছিলেন। অপারেশনের জন্য তাঁকে ভর্তি নেওয়া হয়। দিনকয়েক আগে তাঁর অপারেশনও হয়। তারপর মঙ্গলবার সকালে পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখেন, মানসবাবু তাঁর বেডে নেই। দীর্ঘসময় অপেক্ষা করার পরেও তাঁর হদিশ না মেলায় হইচই শুরু হয়। রোগীর পরিবারের দাবি, ওই ব্যক্তির জন্য একজন আয়া রাখা হয়েছিল। তিনিও রোগীর উধাও হয়ে যাওয়া নিয়ে কিছু বলতে পারেননি। হাসপাতাল প্রশাসনও কোনও হদিশ দিতে পারেনি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এক রোগীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তা নিয়ে আইনি পদক্ষেপ করা হয়েছে।



