নয়াদিল্লি: অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে দেশে না ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। জানা গিয়েছে, অতিরিক্ত খরচ বাঁচাতেই এই পদক্ষেপ। গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার হোয়াইট হাউসের মসনদে বসেছেন ট্রাম্প। তারপর থেকেই অবৈধ অভিবাসীদের দেশে পাঠাচ্ছে সে দেশের প্রশাসন। এতদিন পর্যন্ত এই কাজের জন্য ব্যবহার করা হতো সেনার সি-১৭ ও সি-১৩০ বিমান। কিন্তু ১ মার্চের পর আর সামরিক বিমান ব্যবহার করেনি মার্কিন প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর খরচ অসামরিক বিমানের থেকেও বেশি। এখন পর্যন্ত চার দফায় অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে পাঠিয়েছে আমেরিকা। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, প্রত্যক যাত্রায় খরচ হয়েছে ৩০ লক্ষ মার্কিন ডলার। অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাচ্ছে! তাই খরচ বাঁচাতে এই কাজে আর সামরিক বিমান ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। ফলে এবার অবৈধ অভিবাসীদের নিজের খরচেই ফিরতে হবে বলে মনে করা হচ্ছে। শৈশবে এইচ-৪ ভিসা নিয়ে মার্কিন মুলুকে এসেছিল হাজার হাজার ভারতীয়। ইতিমধ্যে তাদের মধ্যে অনেকে ২১ বছরে পা দিয়েছে। শেষ হয়েছে ডিপেন্ডেন্ট ভিসার মেয়াদ। এতদিন পর্যন্ত ২১ বছর বয়স হলে নতুন ভিসার জন্য দু’বছর সময় দিত মার্কিন প্রশাসন। সূত্রের খবর, এখন আর সেই সুযোগ মিলবে না। এই অবস্থায় বাড়ছে সেল্ফ ডিপোর্টেশনের আশঙ্কা।



