দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: নাম বা বানানের ভুলে পালটে যাচ্ছে গোটা তথ্যভাণ্ডার! হয় তথ্য মিলছে না। নাহলে সম্পূর্ণ ভুল তথ্য পাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষত উইকিপিডিয়ার ক্ষেত্রে হামেশাই এমন সমস্যার সম্মুখীন হতে হয় আমজনতাকে। বাধ্য হয়ে অন্য কোনো উপায়ে আবার সংশ্লিষ্ট তথ্য সম্পর্কে নিশ্চিত হতে হয়। আইআইটি গুয়াহাটির অধ্যাপকদের দাবি, খুব শীঘ্রই এহেন সমস্যার সুরাহা হতে চলেছে। প্রধানত উইকিপিডিয়ার কথা মাথায় রেখেই একাধিক ভাষায় নতুন এআই প্রযুক্তি উদ্ভাবন করেছেন ওই অধ্যাপকরা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি মুহূর্তে চিহ্নিত করতে পারবে কোনটি ঠিক, কোনটি ভুল। অর্থাৎ, আগামী দিনে উইকিপিডিয়ায় আর ‘সারফেস নেম এরর’-এর সমস্যায় ভুগতে হবে না ব্যবহারকারীকে। কমবে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিভ্রান্তির শঙ্কাও। গত সোমবার থেকে দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হয়েছে এআই সম্মেলন। শনিবার তা শেষ হয়েছে। সেই সম্মেলনেই আইআইটি গুয়াহাটির অধ্যাপকদের এহেন কর্মকাণ্ড প্রদর্শিত হয়েছে। খুব দ্রুত এই প্রযুক্তির সার্বিক ব্যবহার শুরু হবে।



