Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নিজের প্রতি আস্থা থাকলে স্বপ্নপূরণ হবেই

‘তারে জমিন পর’ ছবির ‘ঈশান’। এখনও ইন্ডাস্ট্রিতে এটাই দর্শিল সাফারির প্রথম পরিচয়। সাম্প্রতিক সিরিজ ‘গেমার লোগ’ নিয়ে আড্ডায় অভিনেতা।

নিজের প্রতি আস্থা  থাকলে স্বপ্নপূরণ হবেই
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়েব সিরিজ
ভারতের সবচেয়ে বড় ই-স্পোর্টস টুর্নামেন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অংশগ্রহণকারীরা। তাদের মধ্যে রয়েছে ১৭ বছরের রঘুও। ‘গেমার লোগ’ সিরিজে এই চরিত্রেই অভিনয় করেছেন দর্শিল। বলছিলেন, ‘সিরিজ জুড়ে রয়েছে অনলাইন গেম। আমি নিজেও ভীষণ গেম খেলি। তাই চরিত্রটা পেয়ে আনন্দ হয়েছিল।’ গেম নিয়ে প্রতি বাড়িতে অশান্তি। বাবা-মা মোটেই সন্তানদের গেমের প্রতি আসক্তি পছন্দ করেন না। এ বিষয়ে কী ভাবেন? দর্শিলের জবাব, ‘আমার ধারণা, বাবা-মায়েরা মনে করেন, গেম মানেই সময় নষ্ট। তবে গেমিং যে কেরিয়ার অপশন হতে পারে, এই ধারণাটা ধীরে ধীরে তৈরি হচ্ছে।’ 

Advertisement

অভিনয়ই ভালোবাসা 
অভিনয় দর্শিলের প্রথম ভালোবাসা। এ কথা অকপটে স্বীকার করে বললেন, ‘একটা সময় ছিল যখন কাজ পাচ্ছিলাম না। তবে অভিনয়ের প্রতি ভালোবাসাটা থেকে গিয়েছে। সে সময় থিয়েটার করেছি। আমি বিশ্বাস করি, নিজের প্রতি আস্থা থাকলে, দিন শেষে স্বপ্নপূরণ হবেই।’    

তিন খান
দর্শিলের জীবন বদলে গিয়েছে আমির খানের সৌজন্যে। ‘তারে জমিন পর’ ছবিতে ‘ঈশান’ চরিত্রে দর্শিলকে সুযোগ দিয়েছিলেন তিনিই। আবার ‘গেমার লোগ’ সিরিজের পোস্টার লঞ্চ করেন সলমন খান। প্রসঙ্গ উঠতেই অভিনেতা হেসে বলছিলেন, ‘সলমন স্যার এই সিরিজের সঙ্গে যুক্ত, এটা জেনে খুশি হয়েছি।’ বলিউডের দুই খানের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। তবে কিং খানের সঙ্গে এখনও কাজ করা হয়নি। ‘শাহরুখ স্যারের সঙ্গে কাজের সুযোগ পেলে আমি ধন্য হব’, বললেন তিনি। 

তারে জমিন পর
আমির খান জানিয়েছিলেন, ‘তারে জমিন পর’ ছবির স্পিরিচুয়াল সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। তা সত্ত্বেও প্রথম ছবির ‘ঈশান’ সুযোগ পাননি পরের ছবিতে। পেলে ভালো লাগত নিশ্চয়ই? ‘কেন নয়! আমরা এর মধ্যেই যাপন করি সবসময়। সর্বদা মনে হয়, এই চরিত্রটা পেলে ভালো হতো, ওই ছবিটা করতে পেলে দারুণ লাগত।’ আমির খানের প্রতি তিনি চিরকৃতজ্ঞ। ‘মানুষ এখনও আমাকে ঈশান চরিত্রে মনে রেখেছেন। এই ভালোবাসা আমাকে এখনও অনুপ্রেরণা জোগায়’, বললেন অভিনেতা।   

শিশুশিল্পী 
মাত্র ন’বছর বয়সে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শিল। সেটা কি ভবিষ্যতের জন্য ক্ষতিকর? অভিনেতা মনে করেন, ‘এটা পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে। আমার ঘনিষ্ঠরা সবসময় আমাকে সাপোর্ট করেছেন।’

ট্রোলিংয়ের জবাব
সমাজমাধ্যমে বারবার ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে তাঁকে। কোন মন্ত্রে নিজেকে সামলেছেন? ‘ভুলে যাওয়া সবথেকে ভালো বিষয়। এতে এগিয়ে যেতে সুবিধা হয়’, ফাঁস করলেন দর্শিল। ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা? অভিনেতা স্পষ্ট বললেন, ‘আরও ভালো অভিনেতা হতে চাই। কালকে কী ঘটবে, জানি না। তার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখি।’
শান্তনু দত্ত

Advertisement
সম্পর্কিত সংবাদ