Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইনিউমারেশন ফর্মে অনিচ্ছাকৃত ভুল থাকলে সংশোধন করে নিন

শেষ মুহূর্তে অনিচ্ছাকৃত ভুল শুধরে নিন। পরে আর সুযোগ পাওয়া যাবে না। এসআইআরের ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশন নিয়ে বুথ লেভেল অফিসারদের(বিএলও) এই বার্তা দিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন।

ইনিউমারেশন ফর্মে অনিচ্ছাকৃত ভুল থাকলে সংশোধন করে নিন
  • ৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শেষ মুহূর্তে অনিচ্ছাকৃত ভুল শুধরে নিন। পরে আর সুযোগ পাওয়া যাবে না। এসআইআরের ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশন নিয়ে বুথ লেভেল অফিসারদের(বিএলও) এই বার্তা দিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। নির্বাচন কমিশনের কড়া মনোভাব টের পেয়ে ‘বিএলও’দের আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বলে আধিকারিকরা জানিয়েছেন। কেউ এব্যাপারে উদাসীন থাকলে দায় সংশ্লিষ্ট বিএলওকেই নিতে হবে বলে ঠারেঠোরে জেলা প্রশাসনের আধিকারিকরা বুঝিয়ে দিয়েছেন।

Advertisement

জেলা নির্বাচন দপ্তরের এক আধিকারিক বলেন, পোর্টালে ইনিউমারেশন ফর্মের আপলোড করা তথ্য পুনরায় খতিয়ে দেখার সুযোগ (ভেরিফিকেশন) বিএলও’রা পাচ্ছেন। এটাই শেষ সুযোগ। কেউ অনিচ্ছাকৃত ভুল করে থাকলে, তা সংশোধন করে নিতে পারবেন। পরে আর সুযোগ পাওয়া যাবে না। ভোটারের তথ্যগত কোনও ভুল পোর্টালে আপলোড করলে বিএলওকেই পরে কৈফিয়ত দিতে হবে। ফলে সুযোগ কাজে লাগানোর জন্য বিএলওদের বলা হচ্ছে। 
এক বিএলও বলেন, আমরা ভোটারের পূরণ করা ফর্মে থাকা তথ্যই আপলোড করেছি। সেখানে কেউ ভুল তথ্য দিলে আমাদের কিছু করার নেই। ফর্ম ডিজিটাইজেশনের সময় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে অনেক তাড়াহুড়ো করে তথ্য আপলোড করতে হয়েছে। আরও একটু বেশি সময় পেলে ভালো হতো। সেক্ষেত্রে বিএলওদের ভুল করার সম্ভাবনা কম থাকত।  
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় মোট ৩২৮৯টি বুথ রয়েছে। জেলার ১২টি বিধানসভা এলাকায় মোট প্রায় ৩১ লক্ষ ভোটার রয়েছে। ভোটার পিছু দু’টি করে ইনিউমারেশন ফর্ম ছাপা হয়েছিল। বিএলও-রা জেলাজুড়ে প্রায় ৬২ লক্ষ ফর্ম বিলি করেন। মাত্র ১৫দিনে যুদ্ধকালীন তৎপরতায় পূরণ করা ফর্ম সংগ্রহ ও তা নির্বাচন কমিশনের পোর্টালে আপলোডের কাজ হয়। অত্যন্ত কম সময়ের মধ্যে বিএলওদের বিপুল কাজের বোঝা সামলাতে হয়েছে। তারফলে অনেকের সমস্যা হয়েছে। সকলের পেশাদারিত্ব সমান নয়। কেউ কেউ অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে কাজ করতে সক্ষম হয়েছেন। আবার নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে অনেকের নাভিশ্বাস উঠে যায়। কাজের চাপে একাধিক বিএলও অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের দাবি। বড়জোড়ার এক বিএলও-র হার্টের বাইপাস সার্জারি করাতে হয়। যদিও প্রশাসনের আধিকারিকরা অসুস্থ হওয়ার পিছনে একমাত্র এসআইআরকে দায়ী করতে নারাজ। তাঁদের দাবি, সংশ্লিষ্টদের ভিতরে ভিতরে আগে থেকেই রোগ বাসা বেঁধেছিল। এসআইআর চলাকালীন তার বহিঃপ্রকাশ হয়। 
এক বিএলও বলেন, এখন থেকেই আধিকারিকরা হাত ধুয়ে ফেলতে চাইছেন। আগামী দিনে ফর্ম ডিজিটাইজেশন সংক্রান্ত কোনও গলদ ধরা পড়লে আমাদের উপরেই শাস্তির খাঁড়া নেমে আসবে। ফলে শেষ সুযোগ কাজে লাগিয়ে একবার সবকিছু পুনরায় দেখে নেওয়াই ভালো। আমি ও পরিচিত কয়েকজন বিএলও বর্তমানে ওই কাজ করছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ