‘এক লড়কি থি দিওয়ানি সি’। ‘মহব্বতে’ ছবির সংলাপ আর চিরচেনা সেই ভায়োলিনের সুর। সঙ্গে রোমান্টিক ব্যাকড্রপ। দূর থেকে হেঁটে আসছেন কেউ একজন। কালো পোশাকে। পরক্ষণেই বোঝা যায় তিনি আরিয়ান খান... শাহরুখ পুত্র। রবিবার সকালে ডেবিউ সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন আরিয়ান। তাতেই চমক লেগেছে অনুরাগীদের। কিং খানের সহজাত স্টাইলে সিরিজের চরিত্রদের সঙ্গে আলাপ করালেন আরিয়ান। তাঁকে দেখে অনেকেই বলছেন, ‘ছোট বাদশা’। নেটফ্লিক্সের এই সিরিজের হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন আরিয়ান। প্রথম লুকেই স্পষ্ট প্রেম, অ্যাকশন থেকে বলিউডের আনাচ-কানাচের খবর সিরিজে তুলে ধরেছেন আরিয়ান। অভিনয় করছেন ববি দেওল, সাহেব সাম্বা, লক্ষ্য, মণীশ চৌধুরী, গৌতমী কাপুর সহ আরও অনেকে। ফার্স্ট লুক টিজারে আরিয়ানকে বলতে শোনা যায়, ‘বলিউড জিসসে আপনে সালো সে প্যায়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা’। এই সংলাপ থেকেই স্পষ্ট বোঝা যায়, প্রথম সিরিজ বাবা শাহরুখকেই ডেডিকেট করেছেন আরিয়ান। গৌরী খান প্রযোজিত সিরিজটি কবে মুক্তি পাবে, তা অবশ্য স্পষ্ট করা হয়নি। সিরিজের প্রিভিউ মুক্তি পাবে আগামী ২০ আগস্ট। আপাতত সে দিনের অপেক্ষায় ভক্তরা। এদিকে, রবিবার আরিয়ান যেমন চমক দিয়েছেন, তেমনই উপহার দেন কিং খানও। আসন্ন ছবি ‘কিং’ নিয়ে অনুরাগীদের নানা প্রশ্নের জবাব দেন অভিনেতা। সদ্য এই ছবির সেটেই আহত হয়েছিলেন শাহরুখ। সে কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল শ্যুটিং। যদিও পরিচালক সিদ্ধার্থ আনন্দ যে ছবির কাজ শেষ করার জন্য উদগ্রীব, তা জানিয়েছেন শাহরুখ। পাশাপাশি জবাব দিয়েছেন অবসর নিয়ে প্রশ্নেরও। এক অনুরাগী অভিনেতাকে প্রশ্ন করেন, ‘বয়স তো হল, এবার অবসর নিন। তরুণ প্রজন্মকে জায়গা ছাড়ুন।’ শাহরুখের পাল্টা উত্তর, ‘ভালো কোনও প্রশ্ন করতে পারলে করুন। নয়তো ততক্ষণ আপনি অবসরে থাকুন।’



