নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। সোমবার ইডির মামলায় শর্তসাপেক্ষে অয়নের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ। যদিও সিবিআইয়ের মামলা বকেয়া থাকায় এখনই জেলমুক্তি হচ্ছে না তাঁর।
Advertisement
এদিন ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অয়নের জামিন মঞ্জুর হয়েছে। শর্ত হিসেবে তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। অয়নের চুঁচুড়ার জগুদাস পাড়ার বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি চালানোর পর গত বছরের ২০ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন। শুধু ইডি নয়, পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তেও উঠে এসেছিল অয়নের নাম। এই মামলায় সিবিআইয়ের দেওয়া চার্জশিটেও অয়নের নাম ছিল। সেখানে দাবি করা হয়েছিল, অয়নের দুই এজেন্টের মাধ্যমে বেশ কয়েকজন চাকরি পেয়েছিলেন। দিন কয়েক আগেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়ও তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। তাদের দাবি, অয়ন আটজন এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ কোটি টাকা তুলেছিলেন। সেই টাকা সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিল। অয়ন ইমেল করে প্রার্থিতালিকা সন্তুকে পাঠিয়েছিলেন। সন্তু সেই তালিকা কুন্তলকে দেন। বর্তমানে সেই মামলা সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারাধীন।



