Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নিয়ম বদলের পথে আইসিসি

নিয়ম নাস্তি! পা ভাঙলেও পরিবর্ত খেলোয়াড় নেওয়া যাবে না।

নিয়ম বদলের পথে আইসিসি
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: নিয়ম নাস্তি! পা ভাঙলেও পরিবর্ত খেলোয়াড় নেওয়া যাবে না। আইসিসি’র এই অদ্ভুত নিয়মের কারণে ওল্ড ট্রাফোর্ডে খোঁড়াতে খোঁড়াতে ব্যাট হাতে নামতে হয়েছিল ঋষভ পন্থকে। ব্যথা নিরোধক ইঞ্জেকশন নিয়ে তিনি ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। করেন মহামূল্যবান ৫৪ রান। ঋষভের ‘ফাইট’ প্রশংসীত হচ্ছে ক্রিকেট মহলে। শচীন তেন্ডুলকর থেকে সৌরভ গাঙ্গুলি, সকলেই ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের লড়াইকে বাহবা জানিয়েছেন। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, গুরুতর চোট পাওয়া সত্ত্বেও কেন পরিবর্ত ক্রিকেটার নেওয়া যাবে না? আইসিসি’র নিয়মে একমাত্র কনকাশন সাব অর্থাৎ মাথায় আঘাত পেলে তবেই পরিবর্ত ক্রিকেটার খেলানো যায়। কিন্তু শরীরের অন্য কোথাও চোট লাগলে পরিবর্ত ক্রিকেটার শুধুমাত্র ফিল্ডিংয়ের অনুমতি পান, ব্যাট বা বল করতে পারেন না। ওকসের বলে ঋষভ পায়ে চোট পেয়েছেন। তাঁর হাড় ভেঙে গিয়েছে বলে খবর। ফলে ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না। তবু তাঁকে দলের স্বার্থে মাঠে ফিরতে হয়। এই দৃশ্য দেখার পর প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই আইসিসি’র পরিবর্ত ক্রিকেটারের নিয়মে বদল আনার দাবি জনান। তাতে নড়েচড়ে বসে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাও। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই পরিবর্ত ক্রিকেটারের নিয়মে বদল আনা হতে পারে। এই বিষয়ে আগেই ক্রিকেট কমিটিতে আলোচনা হয়েছিল। ঠিক হয়েছে, শুধু কনকাশন নয়, এবার থেকে যেকোনও গুরুতর চোটের ক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার নেওয়া যাবে, যিনি ব্যাটিং-বোলিং সবই করতে পারবেন। প্রথম ছ’মাস ট্রায়াল চলবে ঘরোয়া ক্রিকেটে। তারপর তা প্রয়োগ হবে আন্তর্জাতিক ম্যাচে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ