


মহম্মদ নাজিম, হরিশ্চন্দ্রপুর: ২৪ ঘণ্টার মধ্যেই পালটা। টিকিট না পেয়ে তাজমুল হোসেন বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছিলেন। আক্রমণ করেছিলেন দলকে। ভোট প্রচারে বেরিয়ে তাঁকে জবাব দিলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। বললেন, দল বিরোধীদের সঙ্গে দেখাই করব না।
বৃহস্পতিবার মন্ত্রীর গড় মহেন্দ্রপুর অঞ্চল এলাকায় প্রচারে গিয়ে মতিবুর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের বিরুদ্ধে যিনি নিন্দা করবেন, তাঁর সঙ্গে কোনোভাবেই দেখা করব না। দল টিকিট দিয়েছে। নির্দেশ মেনে প্রচারে সাধারণ মানুষের কাছে ভোট চাইছি। তাজমুলের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু তিনি যখন দলের বিরুদ্ধে কথা বলেছেন, যাওয়ার কোন প্রশ্নই নেই।
বুধবার তাজমুল তাঁর বাসভবনে দলের কর্মীদের নিয়ে বৈঠক করে মতিবুরকে কটাক্ষ করে বলেছিলেন, যে পার্টির প বোঝেনা, সে কী করে তৃণমূলের প্রার্থী হল? দল আমাকে না জানিয়ে বিজেপি থেকে আসা একজনকে প্রার্থী করেছে। হরিশ্চন্দ্রপুরে আমার সাজানো বাগানে অন্য কেউ ফুল ফোটাবে, সেটা মেনে নিতে পারছি না।
এপ্রসঙ্গে এদিন মতিবুরের প্রশ্ন, যে পার্টির প বোঝেন, তিনি টিকিট পাননি কেন?
তাজমুলের দাবি, আমি তো দূরের কথা, দলের বেশিরভাগ কর্মী-সমর্থক মতিবুরকে মেনে নিতে পারছে না। দল ভুল সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থী হারবেন না জিতবেন পরের কথা, তবে তাঁর সঙ্গে কোনো কর্মী-সমর্থক নেই। এরপরেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে মতিবুরের মন্তব্য, মন্ত্রী দাঁড়িয়ে দেখান। পাঁচ হাজারের বেশি ভোট পাবেন না।