Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ভালোবেসে অভিনয়

কেউ পোড় খাওয়া রাজনীতিবিদ, কেউ আবার দুঁদে পুলিশ আধিকারিক। নিজ নিজ পেশায় তাঁরা সফল। পাশাপাশি অভিনয় জগতেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

ভালোবেসে অভিনয়
  • ১০ অক্টোবর, ২০২৫ ২২:১০
Prefer us on Google

• কেউ পোড় খাওয়া রাজনীতিবিদ, কেউ আবার দুঁদে পুলিশ আধিকারিক। নিজ নিজ পেশায় তাঁরা সফল। পাশাপাশি অভিনয় জগতেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অভিনয় শুরু করেছেন মনের চাহিদা মেটানোর জন্য। এমনটাই মত কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। জনসেবা থেকে দলীয় কর্মসূচি— সবেতেই প্রথম সারিতে দেখা যায় অনন্যাকে। আবার অভিনয়ের আঙিনাতেও পরিচিত মুখ তিনি। একাধিক বাংলা ছবি এবং ধারাবাহিকে অভিনয় করছেন অনন্যা। ‘অভিনয়ের ইচ্ছে ছিলই। কিন্তু, একটা সময় মনে হয়েছিল ডিরেক্টরস অ্যাক্টর হব না। এমন একটা প্ল্যাটফর্ম বেছে নেব, যেখানে নিজের কথা নিজেই বলতে পারব। সেই ভাবনা থেকেই রাজনীতিতে আসা’, বললেন অনন্যা। রাজনীতি, অভিনয় সবটা ব্যালেন্স করতে কতটা বেগ পেতে হয়? উত্তরে বললেন, ‘আমি ‘মিস ক্যালকাটা লেডি অফ দ্য মিলেনিয়াম’ হয়েছিলাম। মডেলিং দুনিয়া থেকে একদম আকাশপথে। এভিয়েশনে অনেকটা সময় কেটেছে। তারপর আকাশপথ থেকে সোজা মাটিতে, রাজনীতির ময়দানে। ব্যালেন্স করাটা কষ্টকর। তবে ভালোবাসা থাকলে সব করা যায় বলেই আমি বিশ্বাস করি।’

Advertisement

অন্যদিকে পেশায় একজন দুঁদে পুলিশ আধিকারিক অলোক সান্যাল। কলকাতা পুলিশের উচ্চপদে কর্মরত। তারপরেও নিয়মিতভাবে অভিনয়ে দেখা যায় তাঁকে। পেশাগত দায়িত্ব সামলে অভিনয়ের জন্য সময় বের করতে অসুবিধা হয় না? উত্তরে অলোক বললেন, ‘পেশার চাপ রয়েছে। আমার কাছে অভিনয়টা সেই চাপ থেকে বেরিয়ে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার মতো। পেশাগত অভিনয় শিক্ষার তালিম আমার নেই। স্কুলে নাটক করা থেকে অভিনয়ের হাতেখড়ি।’ পুলিশ বিভাগের সহকর্মীদের কাছ থেকে ফিডব্যাক পান? অলোকের সংযোজন, ‘আমার সব থেকে বড় সমালোচক ডিপার্টমেন্টের সতীর্থরা। আরেকটা কথা, পুলিশ মানেই কিন্তু গুরুগম্ভীর মানুষ নন। তাঁরাও মননে নিজের সংস্কৃতি লালন করেন।’ 
পূর্বাশা দাস

Advertisement
সম্পর্কিত সংবাদ