


সংবাদদাতা, কাটোয়া: বিজেপি রাজ্যে অশান্তি পাকানোর ছক কষেছে। এমনই দাবি বহুদিন ধরে করে আসছে তৃণমূল কংগ্রেস। শনিবার সেই দাবির অনেকটাই মান্যতা দিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। তিনি নিজেকে ‘সন্ত্রাসকারীদের বাবা’ বলে দাবি করলেন। তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। শনিবার বিজেপির পরিবর্তন ‘রথযাত্রা’ কর্মসূচিতে আউশগ্রামে এসে সৌমিত্র বলেন, ‘সন্ত্রাসকারীদের বাবা আমি। সন্ত্রাস নিয়ে ভয় খাবেন না। কীভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হয় আমি জানি।’ তৃণমূলের দাবি, রাজ্যে কোথাও অশান্তি হলে তার দায় বিজেপিকে নিতে হবে। তারা নিজেরাই নিজেদের ‘সন্ত্রাসকারীদের বাবা’ বলে দাবি করছে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, বিজেপির সন্ত্রাসের জবাব মানুষ ইভিএমে দেওয়ার জন্য তৈরি আছে। ওরা যে পায়ে পা লাগিয়ে অশান্তি পাকায় সেটা ওদের নেতা নিজেই স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।
তৃণমূল নেতারা বিজেপির ‘রথ’ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তাঁরা বলছেন, পরিবর্তন যাত্রা নাকি পাঁচ হাজার কিলোমিটার ঘুরবে। বিজেপি নেতারা তো ঠান্ডা ঘরে বসে রাজনীতি করেন। তাঁরা গ্রামের গরিব কৃষককদের মর্ম বুঝবেন কী করে? এসব করে লাভ হবে না। বিজেপি নেতাদের বিলাসবহুল গাড়িতে ঘোরা ব্যর্থ হবে। মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, ওই রথ বিজেপি নেতাদের আমোদ প্রমোদের জন্য তৈরি করা হয়েছে। ওরা আবার আমাদের সমালোচনা করে বড় বড় কথা বলে। আমাদের তৃণমূল নেতারা হেঁটে মিছিল করেন। মানুষের সঙ্গে সারা বছর সুখ দুঃখে থাকেন। একজন জনপ্রতিনিধি নিজেকে ‘সন্ত্রাসকারীদের বাবা’ বলে দাবি করছেন। এটা ভয়ংকর। একের পর এক কর্মসূচি ফ্লপ হয়ে যাওয়ায় ওদের নেতাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এদিন মঙ্গলকোটের পালিশগ্রামে বিজেপির পরিবর্তন যাত্রার সময় জয় বাংলা স্লোগান দেন তৃণমূল নেতা-কর্মীরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। নিজস্ব চিত্র