দাভোস: ‘আমি স্বৈরাচারী। কিন্তু কখনো কখনো একজন একনায়কেরও প্রয়োজন হয়।’ বৃহস্পতিবার সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতা শেষে এমনই ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৃহস্পতিবার নিজের ভাষণে গ্রিনল্যান্ড দখলের পক্ষে তিনি জোরালো সওয়াল করেছেন। হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্ক ও কানাডাকেও। বক্তৃতা শেষে ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ‘আমার ভাষণে খুব ভালো সাড়া পেয়েছি। ওরা বলে আমি একনায়কের মতো আচরণ করি। তবে এই ক্ষেত্রে (গ্রিনল্যান্ড) এমনটা বলতে পারে না। এটা সাধারণ জ্ঞান। এখানে উদারপন্থী বা রক্ষণশীল বিভেদ নেই।’
এটাই প্রথমবার নয়, ২০২৫ সালেও নিজেকে ‘স্বেচ্ছাচারী’ বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে বলেছিলেন, ‘ওরা বলেন, আমরা ওঁকে (ট্রাম্প) চাই না। উনি একনায়ক। আমরা স্বাধীনতা চাই। তবে বেশিরভাগ মানুষই বলছেন, হয়তো আমরা স্বৈরাচারীকেই পছন্দ করি।’ যদিও ঠিক তার পরেই এও বলেন, ‘আমিও একনায়কতন্ত্র পছন্দ করি না।’ ২০২৪ সালে নির্বাচনের আগেও ট্রাম্প বলেছিলেন, তিনি একদিনের জন্য স্বৈরাচারী হতে চান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন, স্বৈরাচারী শাসকদের প্রশংসা বারবার শোনা গিয়েছে তাঁর মুখে। তবে কারোর প্রসঙ্গেই ‘একনায়ক’ শব্দবন্ধ তিনি ব্যবহার করেননি।