আমেদাবাদ, ২ মে: রাজস্থানের কাছে হেরে জয়ের পথ খুঁজছে শুভমান গিলের গুজরাত টাইটান্স। কারণ যতদিন যাচ্ছে আইপিএলে প্লেঅফে ওঠার রাস্তা হয়ে যাচ্ছে কঠিন। বিশেষ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকাটাই এখন চ্যালেঞ্জের বিষয়। আর সেই জায়গায় পৌঁছতে আজ, শুক্রবারের ম্যাচ জিততেই হবে গুজরাতকে। যদিও প্লেঅফের দৌড়ে টিকে থাকতে এদিনের ম্যাচ জেতার চেষ্টা করবে গুজরাতের বিপক্ষ দল সানরাইজার্স হায়দরাবাদ। তাই এদিনের ম্যাচ বেশ টানটান হবে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ একদিকে যখন রয়েছেন শুভমান, সাই সুদর্শন, জস বাটলাররা, অন্যদিকে রয়েছেন ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেনরা। ম্যাচটি হবে গুজরাতের আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে। সানরাইজার্স তাঁদের শেষ ম্যাচ জিতে আসছে। রাজস্থানের বিরুদ্ধে পিঠে সমস্যার কারণে ব্যাট করার পর আর মাঠে নামতে দেখা যায়নি শুভমানকে।
সূত্রের খবর, গুজরাতের অধিনায়ক এদিন ফিট রয়েছেন। হায়দরাবাদের বিরুদ্ধে নামবেন খেলতে। অপরদিকে তাঁদেরই সর্তীথ কাগিসো রাবাডা এখনই দেশ থেকে বাড়ি ফেরেননি বলে জানা গিয়েছে। দুই দলের কাছেই যেমন রয়েছে মারকুটে ব্যাটার, তেমনই রয়েছে দুরন্ত বোলারও। হায়দরাবাদের ব্যাটাররা হলেন-ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডিরা। বোলারদের মধ্যে রয়েছেন খোদ অধিনায়ক প্যাট কামিন্স, মহম্মদ সামি, হর্ষল প্যাটেলরা। অপরদিকে গুজরাত টাইটান্সের ব্যাটারদের মধ্যে রয়েছেন খোদ অধিনায়ক শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দররা। বোলার রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, সাই কিশোর, রশিদ খান, আরশাদ খানরা।
চলতি আইপিএলেই একবার মুখোমুখি হয়েছিল গুজরাত ও হায়দরাবাদ। সেই ম্যাচে ঘরের মাঠে শুভমানদের কাছে হারেন প্যাট কামিন্সরা। তাই আজ, শুক্রবার বদলা নিতে পারবেন কী কামিন্সরা? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মধ্যে।