Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পূজালিতে স্ত্রীর উপর অ্যাসিড হামলায় দোষী সাব্যস্ত স্বামী, আজ সাজা ঘোষণা

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর মুখে স্বামী ছুঁড়ে মেরেছিলেন বোতল ভর্তি অ্যাসিড। তাতে ঝলসে যায় ৩৩ বছরের বধূর মুখ। নষ্ট হয় একটি চোখ। ওই ঘটনায় স্বামীকে দোষী সাব্যস্ত করল আদালত।

পূজালিতে স্ত্রীর উপর অ্যাসিড হামলায় দোষী সাব্যস্ত স্বামী, আজ সাজা ঘোষণা
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর মুখে স্বামী ছুঁড়ে মেরেছিলেন বোতল ভর্তি অ্যাসিড। তাতে ঝলসে যায় ৩৩ বছরের বধূর মুখ। নষ্ট হয় একটি চোখ। ওই ঘটনায় স্বামীকে দোষী সাব্যস্ত করল আদালত। তার নাম শেখ আব্বাস ওরফে কালো (৪২)। সোমবার আলিপুরের সপ্তম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মণিকুন্তলা রায় জেল হেফাজতে থাকা আব্বাসকে দোষী সাব্যস্ত করেন। আজ, মঙ্গলবার সাজা ঘোষিত হবে। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি অনির্বাণ গুহঠাকুরতা বলেন, এই ভয়াবহ ঘটনায় আমরা আদালতের কাছে দোষীর কড়া শাস্তি ও আক্রান্ত বধূর জন্য যথেষ্ট ক্ষতিপূরণের দাবি জানিয়েছি। এখন দেখা যাক, আদালত কী রায় দেয়। এদিকে, ঘটনার মাত্র এক বছরের মাথায় এই মামলার নিষ্পত্তি হওয়ায় এদিন সরকার পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।    

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, গত বছরের ২৪ এপ্রিল রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পূজালি থানার দুর্গাপুর পশ্চিমপাড়া এলাকায়। ঘটনার রাতে বাড়িতে দুই শিশুকে নিয়ে ঘুমোচ্ছিলেন স্ত্রী। গভীর রাতে বাড়িতে এসে দরজায় কড়া নাড়েন স্বামী আব্বাস। দরজা খুলতে কিছুটা দেরি হওয়ায় শুরু হয় গালিগালাজ। এরপরই ঘুম চোখে স্ত্রী দরজা খোলা মাত্রই তাঁর মুখ লক্ষ্য করে ছুঁড়ে মারা হয় বোতল ভর্তি অ্যাসিড। দগ্ধ অবস্থায় ওই বধূ বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেন। তখন প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চলে অ্যাসিড আক্রান্ত বধূর দীর্ঘ সময়ের চিকিৎসা। তাঁর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।
নির্যাতিতার পরিবারের তরফে আইনজীবী আজম খান এদিন সাংবাদিকদের বলেন, ঘটনার ৫৪ দিনের মধ্যে ধৃতের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। মামলায় সাক্ষ্য দেন ১২জন। দক্ষিণ ২৪ পরগনার মুখ্য সরকারি আইনজীবী শিবনাথ অধিকারী বলেন, ঘটনার গুরুত্ব অনুধাবন করে আদালত ধৃতের জামিন নাকচ করে দিয়েছিল। জেল হেফাজতে রেখেই চলে তার বিচার।                                    

সম্পর্কিত সংবাদ