সংবাদদাতা, কাকদ্বীপ: দিন কয়েক আগে পাথরপ্রতিমার ভগবতপুর থেকে হরিণের মাংস সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবার হরিণের মাংস ও চামড়া সহ আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল। ধৃতের নাম তপন দাস। বুধবার সকালে পাথরপ্রতিমার রামগঙ্গা রেঞ্জের বনদপ্তরের কর্মীরা গোপন সূত্রে জানতে পারেন, এক ব্যক্তি হরিণের মাংস নিয়ে বিক্রির জন্য বাজারে আসছে। বনদপ্তরের কর্মীরা সাধারণ পোশাকে পাথরপ্রতিমা খেয়াঘাটের কাছে ওত পেতে ছিল। বড় ব্যাগ নিয়ে স্কুটার চালিয়ে আসা এক ব্যক্তিকে দেখে তাঁদের সন্দেহ হয়। ওই ব্যক্তিকে বনদপ্তরের কর্মীরা ঘিরে ফেলেন। তাকে আটক করে তল্লাশি চালালে প্রায় ২৭ কেজি হরিণের মাংস উদ্ধার হয়। অন্য একটি ব্যাগ থেকে হরিণের চামড়া উদ্ধার হয়েছে। বনদপ্তরের এক আধিকারিক বলেন, ওই ব্যাগের ভিতরে হরিণের মাংসের উপর বেশ ক’টি মোড়ক ছিল। যাতে রক্ত বাইরে পড়তে না পারে। বনদপ্তরের কর্মীরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন, তপন ওই মাংস নিয়ে বিক্রির জন্য পাথরপ্রতিমার লক্ষ্মীপুরে যাচ্ছিল। কিন্তু এই মাংস সে কোথায় পেল এবং এই কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। বৃহস্পতিবার ধৃতকে কাকদ্বীপ আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।



