নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অ্যাপ ক্যাবে স্মার্টফোন ফেলে নেমে গিয়েছিলেন এক মহিলা যাত্রী। সাইলেন্ট মোডে থাকা সেই ফোন ঢুকে গিয়েছিল সিটের নীচে ম্যাটের তলায়! অবশেষে পুলিসের দ্বারস্থ হওয়ায় সেই হারানো ফোন ফেরাল লেকটাউন থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ক্যাব থেকে নামার পর বুঝতে পারেন, তাঁর ফোনটি নেই। তিনি থানায় আসার পর ওই মোবাইলে ফোন করা হয়। রিং হয়ে যাচ্ছিল। কিন্তু, ফোন কেউ তুলছিলেন না। ক্যাবচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যাব চালক বলেন, গাড়িতে ফোন নেই। যেহেতু সাইলেন্ট ছিল, তাই তিনিও বুঝতে পারেননি। কিন্তু, ফোনের লোকেশন ছিল তাঁর গাড়িতেই। এরপর চালক গাড়ি নিয়ে লেকটাউন থানায় আসেন। তারপর পুলিস সিটের তলায় ম্যাটের ভিতর থেকে ফোনটি উদ্ধার করে ওই মহিলার হাতে তুলে দেয়।



