Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

একফ্রেমে হৃতিক ও এনটিআর

পর্দায় তাঁরা প্রতিদ্বন্দ্বী। যুযুধান অবস্থায় দু’জনকে দেখার জন্য অপেক্ষায় আসমুদ্র হিমাচল

একফ্রেমে হৃতিক ও এনটিআর
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পর্দায় তাঁরা প্রতিদ্বন্দ্বী। যুযুধান অবস্থায় দু’জনকে দেখার জন্য অপেক্ষায় আসমুদ্র হিমাচল। ‘ওয়ার ২’ ছবির জন্য দিন গুনছেন অনুরাগীরা। তবে বাস্তব ভিন্ন। সেখানে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ দু’জনেই। তাঁরা অর্থাৎ হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। সম্প্রতি হায়দরাবাদের একটি অনুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলেন দু’জনেই। একে অপরের কাঁধে হাত দিয়ে ছবি তোলেন তাঁরা। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল, দুই তারকাকে একফ্রেমে দেখা যাবে কেবল পর্দাতেই। তবে অনুরাগীদের নিরাশ করতে চাননি নির্মাতারা। সে কারণে হায়দরাবাদে আয়োজিত প্রি রিলিজ ইভেন্টে একসঙ্গে গিয়েছিলেন তাঁরা। তাও আবার রং মিলিয়ে পোশাকও পরেন। এর আগে হৃতিককে প্রশংসায় ভরিয়েছিলেন জুনিয়র এনটিআর। এবার পালা হৃতিকের। ‘আমি ওকে শুধুমাত্র অবজার্ভ করেছি তা নয়। ওর থেকে শিখেছি। একটা টেকই ওর জন্য ফাইনাল টেক। এটা ওর বিশেষত্ব।’ হায়দরাবাদের অনুষ্ঠানে জুনিয়র এনটিআরকে উদ্দেশ্য করে এমনটাই বলেন হৃতিক। ছবি ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। একদিকে হৃতিক রোশন, জুনিয়র এনটিআরের লড়াই। অন্যদিকে কিয়ারা আদবানির সঙ্গে প্রেম। ‘ওয়ার ২’ দর্শকের জন্য এমন আর কত চমক সাজিয়ে রেখেছে, তার জন্য আর দিন কয়েকের অপেক্ষা। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি। তার আগে হিন্দি, তামিল এবং তেলুগু মিলিয়ে প্রথমদিনের জন্য ইতিমধ্যেই ৬৭ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বক্স অফিসে এই ছবি ভালো ফল করবে বলে মনে করছেন নির্মাতারা। টিকিট বিক্রির ট্রেন্ড সেই ইঙ্গিতই দিচ্ছে। স্পাই ইউনিভার্সের গল্প এখন বড়পর্দায় দেখতে পছন্দ করেন দর্শক। উপরি পাওনা তারকা সমাবেশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ