নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশনের ক্রমবর্ধমান যাত্রীচাপ সামাল দেওয়া এবং দূরপাল্লার ট্রেন পরিচালনাকে আরও গতিশীল করতে বড়ো পদক্ষেপ করল পূর্ব রেল। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল বহু প্রতীক্ষিত ২৪ নম্বর প্ল্যাটফর্ম। রেল কর্তৃপক্ষের দাবি, নতুন এই প্ল্যাটফর্ম চালু হওয়ায় স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্মের উপর চাপ কমবে, দীর্ঘ ট্রেন পরিচালনা সহজ হবে এবং যাত্রী পরিষেবার মানও আরও উন্নত হবে।
প্রায় ৬৩৫ মিটার দীর্ঘ ২৪ নম্বর প্ল্যাটফর্মটি বর্তমানে হাওড়া স্টেশনের দীর্ঘতম। নির্মাণে খরচ হয়েছে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা। রেলের দাবি, আধুনিক পরিকাঠামোয় তৈরি এই প্ল্যাটফর্মে সহজেই ২৪ ও ২৬ কোচের দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন দাঁড়াতে পারবে। এর ফলে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের দীর্ঘ ট্রেনগুলির প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা আরও সহজ হবে। একই সঙ্গে ট্রেন চলাচলের সময়ানুবর্তিতা বজায় রাখতেও এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে রেল। সোমবার সকালে নতুন প্ল্যাটফর্ম থেকে পুরীর উদ্দেশে প্রথম যাত্রা শুরু করে ধৌলি এক্সপ্রেস। পরে নির্ধারিত সময়ে চেন্নাই সেন্ট্রালগামী করমণ্ডল এক্সপ্রেসও ২৪ নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আগামী দিনে আরও একাধিক দূরপাল্লার ও নিয়মিত যাত্রীবাহী ট্রেন এই প্ল্যাটফর্ম ব্যবহার করবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন প্ল্যাটফর্মে রেলের অনুমোদিত খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর স্টল বসানো হয়েছে। পাশাপাশি প্রথম দিকে প্ল্যাটফর্ম পরিবর্তন নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না-হয়, তার জন্য ক্রমাগত স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণাও করছে রেল। নিত্যযাত্রী অরিন্দম সিনহা ও প্রকাশ দুবে বলেন, হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেন এলে লাগেজ ও ব্যাগপত্র নিয়ে প্ল্যাটফর্মে চলাফেরা করতে প্রচণ্ড সমস্যা হয়। তার উপর লোকাল ট্রেনের যাত্রীদের চাপও থাকে। স্টেশনের একেবারে এক প্রান্তে দীর্ঘ ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালু হওয়ায় দূরপাল্লার যাত্রীদের অনেক সুবিধা হবে। একই সঙ্গে প্ল্যাটফর্মগুলিতে ভিড়ও কিছুটা কমবে বলে তাঁদের আশা। রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ১০-১১, ১২-১৩ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি ট্রেন চলাচল আরও নিরাপদ করতে হাওড়া স্টেশনে বসানো হচ্ছে আধুনিক ‘রুট রিলে ইন্টারলকিং’ সিস্টেম। এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য হাওড়াসহ একাধিক স্টেশনে ধাপে ধাপে লিফট বসানোর কাজও শুরু হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নতুন প্ল্যাটফর্ম।-নিজস্ব চিত্র