Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে, হাওড়া-রামপুরহাট ৩ দিন স্পেশাল ট্রেন

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠের পর্যটক ও পুণ্যার্থীদের জন্য হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল।

তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে, হাওড়া-রামপুরহাট ৩ দিন স্পেশাল ট্রেন
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, রামপুরহাট: কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে তারাপীঠের পর্যটক ও পুণ্যার্থীদের জন্য হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। শুক্র, শনি ও রবিবার তিনদিন স্পেশাল ট্রেনটি চালানো হবে। বুধবার বিকেলে প্রেস রিলিজ দিয়ে তা জানিয়েছে পূর্ব রেল। কয়েকটি ট্রেনে একটি করে কামরা বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

Advertisement

এবার মন্দির কমিটির পক্ষ থেকে শুধু হাওড়া থেকে নয়, শিয়ালদহ, দেওঘর ও উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে রামপুরহাট পর্যন্ত ট্রেন চালানোর জন্য রেল কর্তাদের আবেদন জানানো হয়েছিল। পর্যাপ্ত স্পেশাল ট্রেন চেয়ে আবেদন করেছিলেন সাংসদ শতাব্দী রায়ও। কিন্তু রেল একটিমাত্র ট্রেন চালানোয় কিছুটা হলেও হতাশ তাঁরা। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে লক্ষ লক্ষ ভক্ত আসেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকদের সুবিধার জন্যই আবেদন জানানো হয়েছিল। অন্যান্য জায়গার উৎসবের ক্ষেত্রে রেল একাধিক ট্রেন চালায়। আমাদের দাবি মানা হল না। 
প্রেস রিলিজে রেল জানিয়েছে, প্রতি বছর ভক্তদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। যাত্রীদের কথা ভেবে শুক্র, শনি ও রবিবার তিনদিন হাওড়া থেকে রামপুরহাট যাওয়া ও ফেরার বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। সকাল ৫টা ৪৫মিনিটে হাওড়া থেকে ছেড়ে সকাল ৯টা ৪৫মিনিটে রামপুরহাটে পৌঁছবে। স্পেশাল ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর শান্তিনিকেতন এবং সাঁইথিয়া স্টেশনে থামবে। আবার দুপুর ১১টা ৩২মিনিটে ট্রেনটি রামপুরহাট জংশনে ছেড়ে বিকেলে ৩টে ৫৫মিনিটে হাওড়ায় পৌঁছবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ থাকবে। স্পেশাল ট্রেন চেয়ে প্রশাসনের পক্ষ থেকে রেলের কাছে আবেদন জানিয়েছিলেন রামপুরহাটের মহকুমা শাসক সৌরভ পাণ্ডে। তিনি বলেন, কৌশিকী অমাবস্যার তিনদিন রেল হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত স্পেশাল ট্রেন দিয়েছে। পাশাপাশি কবিগুরু, গণদেবতা ও শহিদ এক্সপ্রেসের একটি করে কামরা বাড়ানো হবে বলে রেল জানিয়েছে।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ