Bartaman Logo
১৮ জুন, ২০২৬

রাতে কতটা নিরাপদ হায়দরাবাদ? খতিয়ে দেখতে ছদ্মবেশে রাস্তায় নামলেন স্বয়ং পুলিশ কমিশনার

রাতের শহরে মহিলারা কতটা সুরক্ষিত? খতিয়ে দেখতে মধ্যরাতে সাদা পোশাকে রাস্তায় নামেন স্বয়ং পুলিশ কমিশনার

রাতে কতটা নিরাপদ হায়দরাবাদ? খতিয়ে দেখতে  ছদ্মবেশে রাস্তায় নামলেন স্বয়ং পুলিশ কমিশনার
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: রাতের শহরে মহিলারা কতটা সুরক্ষিত? খতিয়ে দেখতে মধ্যরাতে সাদা পোশাকে রাস্তায় নামেন স্বয়ং পুলিশ কমিশনার। একাকী মহিলাকে দেখে অন্তত ৪০ জন অভব্য আচরণ করে। মদ, গাঁজা এমনকি ড্রাগের নেশায় আচ্ছন্ন ওই যুবকরা মহিলা আধিকারিককে নানা কুপ্রস্তাব দেন। অবশ্য তাদের কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। প্রাথমিক কাউন্সেলিংয়ের পর ছেড়ে দেওয়া হয়। হায়দরাবাদের মালকাজগিরির পুলিশ কমিশনার বি সুমথির এই অপারেশনের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এই অপারেশনের জন্য পুলিশ আধিকারিককে প্রশংসায় ভরিয়ে দিয়েছে নেটিজেনরা।

Advertisement

জানা গিয়েছে, সাদা পোশাকে দিলসুখনগর বাসস্ট্যান্ডে রাত সাড়ে ১২টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন পুলিশ কমিশনার। উদ্দেশ্য ছিল, রাতের শহরে মহিলারা ঠিক কতটা সুরক্ষিত, তা সরেজমিনে খতিয়ে দেখা। অপারেশনের এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল আলোচনার জন্ম দিয়েছে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘এই ভিডিয়োই প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা তলানিতে ঠেকেছে। কোনো রাজ্যই পিছিয়ে নেই।’ আরেকজন লিখেছেন, ‘৩ ঘণ্টায় ৪০ পুরুষ! এই ছবিই বলে দেয় সমস্যা কতটা গভীর।’ কেউ লিখেছেন, ‘রাতের রাস্তায় মহিলাদের সুরক্ষিত রাখতে পুরুষদের জন্য কার্ফু জারি করা হোক।’ পাশাপাশি ওই পুলিশ আধিকারিককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। 
তবে মালকাজগিরির পুলিশ কমিশনার সুমথির এই ধরনের অপারেশন এই প্রথম নয়। ২৫ বছর আগে ডিএসপি পদে থাকাকালীন কাজিপেট স্টেশনের কাছে একই ধরনের অপারেশন করেছিলেন তিনি। মাওবাদী নেতা দেবুজির আত্মসমর্পণেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ