Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ি ভাঙচুর, কার্জন গেটে খোলা হল সরকারি হোর্ডিং, মাইক হাতে শান্তির বার্তা বিজয়ী বিজেপি প্রার্থীর

শান্তি বজায় রাখতে মাইক হাতে রাস্তায় নামলেন ভাতারের বিজেপির জয়ী প্রার্থী সৌমেন কার্ফা। এলাকায় কোনোভাবেই অশান্তি করা যাবে না বলে তিনি দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দিয়েছেন।

বাড়ি ভাঙচুর, কার্জন গেটে খোলা হল সরকারি হোর্ডিং, মাইক হাতে শান্তির বার্তা বিজয়ী বিজেপি প্রার্থীর
  • ৬ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শান্তি বজায় রাখতে মাইক হাতে রাস্তায় নামলেন ভাতারের বিজেপির জয়ী প্রার্থী সৌমেন কার্ফা। এলাকায় কোনোভাবেই অশান্তি করা যাবে না বলে তিনি দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দিয়েছেন। দলের কর্মীরা তৃণমূলের একটি পার্টি অফিসে পোস্টার সাঁটিয়ে দেন। সৌমেনবাবু সেগুলি সরিয়ে দেন। শান্তিশৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন বর্ধমান দক্ষিণের বিজেপির জয়ী প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এলাকায় শান্তি ভঙ্গ করবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। সবাই আইনের উপর ভরসা রাখুন। বিজেপির অন্যান্য জয়ী প্রার্থীরাও শান্তি বজায় রাখার আবেদন করেছেন। তাঁদের অনেকেই সাংবাদিক বৈঠক করে কর্মীদের শান্ত থাকার অনুরোধ করেন। কোথাও কোথাও অন্য দলের দুষ্কৃতীরা গেরুয়া ঝাণ্ডা নিয়ে অশান্তি পাকাচ্ছে বলে অভিযোগ।

Advertisement

তবে বিজেপি প্রার্থীরা শান্তির বার্তা দিলেও বধর্মান সহ বিভিন্ন এলাকায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। বর্ধমানের কার্জন গেটের সামনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরতে হোডিং লাগানো ছিল। সেগুলি নষ্ট করে দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ দুই বিজেপি কর্মীকে আটক করে। পাড়াপুকুরে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। শহরে এক তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। ২, ৫ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় হামলা চলে বলে অভিযোগ। কুসুমগ্রামে এক বিজেপি নেতাকে দোতলা থেকে ফেলে দেওয়া হয়। তিনিও রক্তাক্ত হয়েছেন। ভাতারের তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ফল বেরনোর পর থেকে বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদের উপর অত্যাচার চলছে। বাড়ি ভাঙচুর করা হচ্ছে। খণ্ডঘোষ সহ অন্যান্য এলাকা থেকেও হামলার অভিযোগ উঠেছে। বর্ধমান শহরের কালীবাজারে এক তৃণমূল নেতার পার্টি অফিসে বিজেপি কর্মীরা চড়াও হয়েছিল। তারা বেশকিছু নথি অফিস থেকে উদ্ধার করে বলে দাবি। বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অভিজিৎ তা বলেন, কোথাও যাতে অশান্তি না হয় তা কর্মীদের দেখতে হবে। শৃঙ্খলা বজায় রাখতে হবে। অশান্তি দল সমর্থন করে না। 
বিজেপি নেতারা দাবি করেছেন, কেউ আইন হাতে তুলে নিলে প্রশাসন ব্যবস্থা নেবে। বাড়ি ভাঙচুর, কারও উপর হামলা চালানোর মতো ঘটনা দল সমর্থন করে না। সব এলাকাতেই এমন বার্তা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কর্মীদের সতর্ক করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ